২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারুণ হত্যা: রিমান্ডে ছয় আসামি

চট্টগ্রামে যুবদল নেতা হারুণ হত্যা মামলায় ছয় আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2018, 05:30 PM

Updated : 19 Aug 2022, 02:10 PM

পুলিশের ১০ দিনের হেফাজতের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার মহানগর হাকিম আল ইমরান তিন দিন মঞ্জুর করেন বলে জানিয়েছেন নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবউদ্দিন।

ছয় আসামি হলেন- মো. নুরুন্নবী (৩২), তার ছোট ভাই মো. কায়সার (২৫), মো. শরীফ (৩৫), মো. জসীম ওরফে তোতলা জসীম (২৯), মো. সালাউদ্দিন ওরফে দুলাল (৪০), তৌকির হোসেন ওরফে সেজান (৩০)।

পুলিশ কর্মকর্তা শাহাবউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছয় আসামির সবাই এজাহারনামীয়। উচ্চ আদালত থেকে তারা সাবাই জামিনে ছিলেন।

“জামিন বাতিল হওয়ার পর গত বৃহস্পতিবার তারা মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেয়।”

Image
হারুণ অর রশিদ চৌধুরী

হারুণ অর রশিদ চৌধুরী

গত ৩ ডিসেম্বর নগরীর কদমতলী এলাকায় গুলি করে হত্যা করা হয় স্থানীয় পরিবহন ব্যবসায়ী ও যুবদল নেতা হারুণ অর রশিদ চৌধুরীকে। এ ঘটনায় নিহতের বড় ভাই হুমায়ুন চৌধুরী ১০ জনকে আসামি করে সদরঘাট থানায় মামলা করেছিলেন।

হত্যাকাণ্ডের পর বিএনপি নেতারা এ ঘটনার জন্য যুবলীগ-ছাত্রলীগকে দায়ী করেন।

তবে হত্যাকাণ্ডের ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি গ্রেপ্তার মামুন ও শরবত আলমগীর নামের দুই ব্যক্তির জবানবন্দির পর পুলিশ জানিয়েছিল, রাজনৈতিক বিরোধে নয়, ট্রাকচালকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া টাকা ফেরৎ দিতে বলায় খুন করা হয় হারুণকে।

ওসি নেজাম বলেন, “মামলার পরপরই আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। গত বৃহস্পতিবার আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার পর রিমান্ড আবেদন করেছিলাম আমরা।”

ওসি জানান, তানভীর হোসেন ওরফে শাওন নামের এক আসামি কোতোয়ালী থানার একটি অস্ত্র মামলায় কারাগারে আছে। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

এই মামলার অন্যতম আসামি মো. আলমগীর ও তার ছোট ভাই মো. হৃদয় এখনও পলাতক আছে জানিয়ে ওসি বলেন, তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র দস্তগীর চৌধুরীর বড় ভাই মুক্তিযোদ্ধা আলমগীর চৌধুরীর ছেলে হারুণ। সদরঘাট থানার যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি।

পুরনো খবর:

হারুণ হত্যায় আরেকজন গ্রেপ্তার
‘ট্রাকচালকের ছিনিয়ে নেওয়া টাকা ফেরত দিতে বলায় খুন হন হারুণ’