২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা, গ্রেপ্তার আইনজীবী রিমান্ডে

চট্টগ্রামে নিজ বাসায় স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার শিক্ষানবীশ আইনজীবী রিজুয়ান কবির রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2018, 06:37 PM

Updated : 08 Apr 2022, 06:37 PM

রোববার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদ এ আদেশ দেন বলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়েছিল। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”

নগরীর বাকলিয়া সৈয়দ শাহ লেইনের ল্যান্ডমার্ক আবাসিক এলাকায় লায়লা ভবন নামে একটি ভবনের ষষ্ঠ তলায় গত বুধবার গলা কেটে হত্যা করা হয় মেরন সান স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ইনহাস বিনতে নাছিরকে।

সৌদি আরব প্রবাসী নাছিরের স্ত্রী নাসরিন আক্তার খুশব তিন মেয়েকে নিয়ে ওই বাসায় থাকতেন।

হত্যাকাণ্ডের পরদিন বৃহস্পতিবার রাতে ইনহাসের নানা নাসির উদ্দিন বাদি হয়ে বাকলিয়া থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

আইনজীবী রাজু নিহত ইনহাসের চাচীর ছোট ভাই, যিনি ইনহাসকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।

হত্যাকাণ্ডের পর ইনহাসের মা ও স্বজনরা জানিয়েছিলেন, মেঝ মেয়েকে স্কুলে দিয়ে বাসায় ফিরে বড় মেয়েকে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় দেখতে পান মা। ওই সময় তিনি চিৎকার করলে রাজু বাসায় এসে ইনহাসকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বাসার আলমারি থেকে কয়েক ভরি স্বর্ণালংকার খোয়া গেছে বলেও পরিবারের সদস্যরা দাবি করে।

পুরনো খবর:

চট্টগ্রামে ইনহাস হত্যায় এক আত্মীয় গ্রেপ্তার
চট্টগ্রামের বাসায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা
বাকলিয়ায় স্কুলছাত্রী খুনের ঘটনায় মামলা