২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার চট্টগ্রামে বিন্না ঘাস প্রকল্প উদ্বোধন করবেন থাই রাজকুমারী

পাহাড়ের ক্ষয় রোধে বিন্না ঘাস লাগানোর প্রকল্প উদ্বোধন করতে চট্টগ্রামে আসছেন থাইল্যান্ডের রাজকুমারী মাহা চাকরি সিরিনধর্ন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2018, 08:23 PM

Updated : 11 Oct 2022, 12:22 PM

পুরনো খবর:

চার দিনের সফরে ঢাকায় থাই রাজকুমারী

বুধবার সকাল ১১টায় নগরীর টাইগার পাস এলাকায় ‘বাংলাদেশ-থাইল্যান্ড ভেটিভার গ্রাস ডেভেলপমেন্ট প্রজেক্ট’ এর উদ্বোধন করবেন তিনি।

থাইল্যান্ডের সাইপাট্টানা ফাউন্ডেশনের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করবে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

অনুষ্ঠান উপলক্ষে টাইগার পাসের বাটালি হিল মিঠা পাহাড়ের পাদদেশে অস্থায়ী মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এখানেই স্থাপন করা হয়েছে পাইলট প্রকল্পটির কার্যালয়।

বুধবারের উদ্বোধনী অনুষ্ঠানে থাই রাজকুমারীর সঙ্গে থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত প্যানপিমন সোয়ানাপুগন্স।

প্রকল্প পরিচালক সিসিসির নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাহাড় ক্ষয়রোধে বিন্না ঘাস লাগানোর পাইলট প্রকল্পটি উদ্বোধন করবেন থাই রাজকুমারী।

“তিনি সেখানে একটি গাছের চারা লাগাবেন। টাইগার পাস এলাকায় পাইলট প্রকল্পের আওতায় বিন্না ঘাস লাগানো হবে। এরপর সাইপাট্টানা ফাউন্ডেশনের সহায়তায় নগরীর ক্ষয় প্রবণ পাহাড়গুলোতেও এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।”

এই প্রকল্পে কারিগরি সহায়তা প্রদানকারী বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকটি পাহাড় থেকে মাটির নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে।

“শুরুতে একটি পাহাড়ে পরীক্ষামূলকভাবে এই ঘাস লাগানো হবে। এর ফলাফল দেখে বাকি পাহাড়গুলোতে বিন্না ঘাস লাগানো হবে।”

বন্দর নগরীতে পাহাড়ের ক্ষয় রোধে বড় পরিসরে বিন্না ঘাস প্রকল্প বাস্তবায়নে সাইপাট্টানা ফাউন্ডেশন আগ্রহী বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট সিসিসি কর্মকর্তারা।

বুধবার একদিনের সফরে থাই রাজকুমারীর চট্টগ্রাম জাতি-তাত্ত্বিক জাদুঘরও পরিদর্শনের কথা রয়েছে।

চারদিনের সফরে সোমবার বাংলাদেশে আসেন থাই রাজকুমারী মাহা চাকরি সিরিনধর্ন।