চট্টগ্রামে রনির অনুসারীদের সঙ্গে ছাত্রলীগের অপর পক্ষের সংঘর্ষ, আহত ৪
চট্টগ্রাম ছাত্রলীগ থেকে অব্যাহতি নেওয়া নুরুল আজিম রনির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল করার সময় তার অনুসারীদের ওপর প্রতিপক্ষের হামলার পর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকালে নগরীর কাপাসগোলা এলাকায় এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। তারা সবাই রনির অনুসারী।
তাদের অভিযোগ, যুবলীগ নেতা পরিচয় দেওয়া নুর মোস্তফা টিনুর নেতৃত্বে তাদের ওপর এই হামলা হয়েছে। হামলার এক পর্যায়ে গুলিও চালানো হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে নূর মোস্তফা টিনু বলেছেন, রনির মামলা প্রত্যাহারের দাবিতে বের হওয়া মিছিল থেকেই তার অনুসারীদের ওপর হামলা করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন নুরুল আজিম রনি।এক কোচিং পরিচালককে তার মারধরের ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে গেল সপ্তাহে সংগঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি।
এই অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি করে চট্টগ্রামের পাশাপাশি ঢাকায়ও শুক্রবার কর্মসূচি পালন করেছেন ছাত্রলীগের একপক্ষের নেতাকর্মীরা।
চট্টগ্রামের মিছিলে নেতৃত্ব দেওয়া চকবাজার ছাত্রলীগের মজিবুর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিছিল শেষে অলি খাঁ মসজিদের মোড়ে গিয়ে নুরুল আজিম রনির বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ করার কথা ছিল।
“মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে যাওয়ার সময় কাপাসগোলা ব্রিজের ওপর পৌঁছালে টিনু এসে বলেন, এখানে মিছিল করা যাবে না। এরপর সে চলে যায়।”
এর কিছুক্ষণ পরই টিনুর নেতৃত্বে প্রায় একশ ছেলে এসে মিছিলে হামলায় বলে দাবি করেন রাসেল।
তিনি বলেন, “১২-১৪ রাউন্ড গুলিও করা হয়। হাতুড়ি দিয়ে আমাদের ছেলেদের মাথায় ও শরীরে আঘাত করা হয়। চার-পাঁচটি মটরসাইকেল ভেঙে ফেলে হামলাকারীরা। এরপর মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।
রনির অনুসারী আহত চারজন হলেন- সাইমন, সাইফুল আলম মোর্শেদ, রবিউল ইসলাম ও রিদোয়ান রনি।
ঘটনার বিষয়ে নুর মোস্তফা টিনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রনির কিছু অনুসারী অতর্কিভাবে মিছিল করছিল। এ সময় মিছিল থেকে আমাদের ছেলেদের ওপর হামলা করা হয়।
“আমি বঙ্গবন্ধু চত্বরে দাঁড়ানো ছিলাম। পরে আমার ছেলেরা ধাওয়া দেয়। কিছু পাথর ছোঁড়াছুঁড়ি হয়েছে।”
গুলিবর্ষণের বিষয়ে জানতে চাইলে টিনু বলেন, “ওদের মিছিল থেকেই গুলি করা হয়েছিল।”
তার পক্ষের দুজন আহত হয়েছেন বলে দাবি করলেও তাদের নাম জানাতে পারেননি টিনু।
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাপাসগোলা ব্রিজ এলাকায় এক পক্ষ মিছিল করার সময় অন্যপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।
আহত ও গুলি চালানোর বিষয়ে তিনি বলেন, “এখনও কেউ এ বিষয়ে কোনো অভিযোগ করেনি।”
