২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জীবিতের বদলে মৃত শিশু দেওয়ায় ‘নার্সদের দোষ’ পেয়েছে তদন্ত কমিটি

চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে জীবিত শিশুর সঙ্গে মৃতের বদলের ঘটনায় সেখানে দায়িত্বরত চার সেবিকার দোষ পেয়েছে তদন্ত কমিটি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2018, 11:03 PM

Updated : 19 Aug 2022, 01:57 PM

পাঁচলাইশে অবস্থিত চাইল্ড কেয়ার নামের হাসপাতালের এ ঘটনা আরও তদন্ত করা হবে বলে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এ এম মুজিবুল হক জানিয়েছেন।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নার্সদের অসতর্কতা এবং তাদের ভুলের কারণে শিশু বদলের এ ঘটনা ঘটেছে বলে কমিটির প্রতিবেদনে বলা হয়েছে। তদন্তে সেখানকার চিকিৎসকের অবহেলার কথা বলা হয়নি।”

কমিটি ওই নার্সদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণসহ চারটি সুপারিশ করেছে জানিয়ে তিনি বলেন, “ডেথ সার্টিফিকেট ও থানায় জিডির কপি সংগ্রহ করে এ ঘটনার আরও অধিকতর তদন্ত করা হবে।”

স্বাস্থ্য পরিচালক বলেন, নতুন কমিটিতে চট্টগ্রামের সিভিল সার্জনকেও রাখা হবে। আগামী বৃহস্পতিবারের মধ্যে তদন্ত শেষ করবেন তারা।

গত ১৪ এপ্রিল নোয়াখালীতে একটি মেয়ে শিশুর জন্ম দেন রোকসানা আক্তার। জন্মের পরপরই অসুস্থ হওয়ায় তাকে ওই দিন রাতেই চট্টগ্রামে এনে পাঁচলাইশের চাইল্ড কেয়ারের নবজাতক পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।

এ ঘটনার কয়েকদিন পর ১৭ এপ্রিল রোকসানার পরিবারকে জানানো হয়, তাদের সন্তান মারা গেছে এবং পরে তাদের লাশও বুঝিয়ে দেওয়া হয়।

নোয়াখালীর সেনবাগের বাড়িতে দাফনের সময় ধরা পড়ে নবজাতক বদলে গেছে এবং লাশটি ছেলে শিশুর। এ ঘটনার পর রোকসানার পরিবার চট্টগ্রামে এসে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে তাদের সন্তান ফিরিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথের নেতৃত্বে হওয়া কমিটি সোমবার তাদের প্রতিবেদন জমা দেয়।

পুরনো খবর:

মেয়ে নবজাতক বদলে দেওয়া হল মৃত ছেলে