পদদলনে নিহত কৃষ্ণপদ ও ঝন্টুর স্বজনদের চাকরি স্থায়ী
নগর আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে পদদলনে নিহত দুইজনের স্বজনদের চাকরি স্থায়ী করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)।
এছাড়া নিহত আরেকজনের স্বজনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
সিভাসুর উপ-পরিচালক (জনসংযোগ) খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার উপাচার্য কার্যালয়ে সিন্ডিকেট সভায় তিনজনের চাকরির বিষয়টি অনুমোদন দেওয়া হয়।
“এর মধ্যে নিহত কৃষ্ণপদ দাশের স্ত্রী চন্দনা দাশকে অফিস সহকারী এবং ঝণ্টু দাশের স্ত্রী লাকী দাশকে ল্যাব এটেনডেন্ট হিসেবে স্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি সত্যব্রত ভট্টাচার্যের স্ত্রী প্রিয়ংকা শর্মাকে ল্যাব টেকনিশিয়ান পদে অস্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে।”
সিভাসুর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ ডিসেম্বর চন্দনা দাশকে এবং ২২ ডিসেম্বর লাকী দাশকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল।
“পরে সংবাদপত্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও অন্যান্য সরকারি বিধি অনুসরণ করে তাদের চাকরি স্থায়ীকরণের বিষয়টি সিন্ডিকেটে অনুমোদন দেওয়া হল। প্রিয়ংকা শর্মার চাকরিও পরে স্থায়ী করা হবে।”
গত বছরের ১৮ ডিসেম্বর নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর বাসায় এবং নগরীর ১৩টি কমিউনিটি সেন্টার তার কুলখানি উপলক্ষে মেজবানের আয়োজন করা হয়।
এরমধ্যে নগরীর এসএস খালেদ সড়কের রীমা কমিউনিটি সেন্টারে মেজবানে আসা লোকজন প্রবেশের সময় পদদলনে ১০ জনের মৃত্যু হয়।
