২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীদের যৌন হয়রানি: চট্টগ্রামের শিক্ষক ঢাকায় গ্রেপ্তার

পঞ্চম শ্রেণির তিন ছাত্রীকে যৌন হয়রানির মামলায় চট্টগ্রামের চরপাথরঘাটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেমকে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2018, 04:32 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

মঙ্গলবার বেলা তিনটার দিকে ঢাকার মিরপুর থেকে আবুল হাসেমকে গ্রেপ্তার করা হয় বলে কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়।

তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তিন ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

ওসি এর আগে জানিয়েছিলেন, আবুল হাসেম স্কুলে বিকালে ও সন্ধ্যায় পঞ্চম শ্রেণির ছাত্রীদের প্রাইভেট পড়াতেন। এ সময় তিনি ছাত্রীদের শরীরে হাত দিয়ে যৌন হয়রানি করতেন। সম্প্রতি ছাত্রীরা তাদের স্বজনদের বিষয়টি জানায়।

এ ঘটনায় সোমবার রাতে কর্ণফুলী থানায় মামলা করেন হয়রানির শিকার এক ছাত্রীর অভিভাবক।

ওই শিক্ষকের খোঁজে পুলিশ তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। স্বজনরা জানিয়েছিল, স্কুলের কাজে আবুল হাসেম ঢাকা গেছেন।

পুরনো খবর:

প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ