২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মন্ত্রীর সামনে সংঘর্ষ-বোমাবাজিতে পণ্ড ছাত্রলীগের সম্মেলন

নেতাদের পিছু পিছু মঞ্চে উঠে পড়া, পাল্টাপাল্টি স্লোগান আর বিশৃঙ্খলার মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সম্মেলন শুরু হয়েছিল; কিন্তু এরপর হাতবোমা বিস্ফোরণের রেশে সংঘর্ষে তা পণ্ড হয়ে গেল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2018, 01:53 PM

Updated : 11 Oct 2022, 12:09 PM

পুরনো খবর:

মহিউদ্দিনের স্মরণ সভায় সংঘর্ষে ছাত্রলীগ

আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য, গৃহায়নমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, দুই সংসদ সদস্য এবং সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাদের উপস্থিতিতেই মঙ্গলবার এই ঘটনা ঘটে।

হাতবোমা বিস্ফোরণের পর ইঞ্জিনিয়ার মোশাররফ ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ছাড়া অন্য নেতারা মঞ্চে বসে ছিলেন।

সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হওয়ার পর উত্তরের কয়েকটি উপজেলার আতঙ্কিত ও ক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের বিক্ষোভ প্রদর্শনের মধ্যেই নেতারা একে একে সম্মেলন স্থল ত্যাগ করেন।

নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তন প্রাঙ্গণে এভাবে সম্মেলনের প্রথম পর্ব শেষ হওয়ার পর দ্বিতীয় পর্ব আর অনুষ্ঠিত হয়নি।

উত্তর জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে বসে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদের ‘সংক্ষিপ্ত তালিকা’ করেছেন।

উত্তর জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার আগে মূলত নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নিয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাদের দ্বন্দ্বের বহিঃপ্রকাশ হিসেবেই এই সংঘর্ষ বাঁধে বলে মনে করেন সদ্য বিদায়ী কমিটির নেতারা।

তবে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা বলছেন, ‘বহিরাগতরা উদ্দেশ্যমূলকভাবে’ এই হামলা ঘটিয়েছে।

এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্মরণ সভায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মারামারির একদিন বাদেই উত্তর জেলার সম্মেলনও পণ্ড হল সংঘর্ষ আর বোমাবাজিতে।  

বিস্ফোরণ, হামলা, হুড়োহুড়ি ও সংঘর্ষে আহত পাঁচজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। তারা হলেন- সবুজ আহমেদ, রবিউল ইসলাম, নিপু হাওলাদার, সাইদুর রহমান ও রিফাত।

বিশৃঙ্খলা শুরু থেকেই

সকাল ১১টার দিকে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তন প্রাঙ্গণে জাতীয় সঙ্গীয়, সংগঠন সঙ্গীত, সংগঠনের পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন হয়।

এরপর মিলনায়তনের ভেতরে সম্মেলনের প্রথম পর্বের শুরুতেই নেতাদের সঙ্গে মঞ্চে উঠে পড়েন যার যার অনুসারীরা। এসময় মঞ্চে অতিথিরা ছাড়াও প্রায় একশ অনুসারী উঠে পড়েন। মঞ্চের সামনেও কয়েকশ কর্মী দাঁড়িয়ে ছিলেন।

এসময় মঞ্চে ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ, হাছান মাহমুদ, উত্তর জেলার সভাপতি নুরুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক এম এ সালাম, সহ-সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী, সাংসদ মাহফুজুর রহমান মিতা, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এবং বর্তমান সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

সাড়ে ১১টার দিকে অনুষ্ঠানের সঞ্চালক উত্তর জেলার সাধারণ সম্পাদক আবু তৈয়ব মঞ্চ থেকে অনুসারীদের নেমে যেতে এবং স্লোগান বন্ধ করার আহ্বান জানালেও তাতে কোনো কাজ হয়নি।

এরপর উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতেয়ার সাঈদ ইরানও একই আহ্বান জানান।

উদ্বোধক ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসাইনের বক্তব্যের শুরু থেকেই রাউজানের এমপি ফজলে করিম এবং সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক রোটনের নামে তাদের অনুসারীরা স্লোগান দিতে থাকে।

এসময় জাকির ক্ষিপ্ত হয়ে বক্তব্য ‘ভাল না লাগলে” স্লোগানদাতাদের চলে যেতে বলেন। এতেও কোনো কাজ না হলে তিনি সংক্ষেপে বক্তব্য শেষ করেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি রাসেল হোসেনের বক্তব্য শেষে আরেক সহ-সভাপতি সাকিবুল হাসান সুইনের বক্তব্য চলার সময়ই ঘটে হাতবোমা বিস্ফোরণ।

বিস্ফোরণ, চেয়ার ছোড়াছুড়ি, মারামারি

ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা বলেন, হাতবোমা বিস্ফোরণের আগে জিন্স প্যান্ট ও কালো টি শার্ট পরা ১৫-২০ জনের একটি দল মিলনায়তনে ঢোকে। তারা ঢোকার পরপরই মঞ্চের বাম পাশে মাঝামাঝি অংশে বিকট শব্দে বিস্ফোরণ হয়।

বিস্ফোরণের পর পুরো মিলনায়তন জুড়ে শুরু হয় হুড়োহুড়ি। এসময় জিন্স ও কালো টি শার্ট পরিহিতদের চেয়ার ভাঙতে এবং মিলনায়তনের মাঝখানে থাকা নেতাকর্মীদের লক্ষ্য করে চেয়ার ‍ছুড়তে দেখা গেছে। তাদের হামলার লক্ষ্য ছিল গোলাপি টুপি পরা রাউজান উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

হুড়োহুড়িতে অনেক নেতা-কর্মী মাটিতে পড়ে যান। অর্ধেকের বেশি চেয়ার ভেঙে মাটিতে পড়ে থাকে। মিলনায়তন অর্ধেক খালি হয়ে যায়।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ তখন মাইক টেনে নিয়ে বলেন, “বাইরে থেকে এসে লোকজন হামলা আক্রমণ করেছে। পুলিশকে বলছি দোষীদের গ্রেপ্তার করতে।”

এরপর কয়েকজন পুলিশসহ মোশাররফ ও জাকির মঞ্চ থেকে নেমে আসেন। তখন পরিস্থিতি কিছুটা শান্ত হলেও বাইরে থেকে এসময় রাউজান ছাত্রলীগের নেতাকর্মীরা নতুন করে মিলনায়তনে প্রবেশ করে। মঞ্চে নেতাদের ঘিরে নিজ নিজ অনুসারীরা দাঁড়িয়ে ছিল। এ অবস্থায় আবার সংঘর্ষ শুরু হয়।

এরপর একে একে মিছিল নিয়ে মিলনায়তনে ঢোকে হাটহাজারী, ফটিকছড়ি, রাঙ্গুনিয়াসহ কয়েকটি উপজেলার নেতাকর্মীরা।

মিলনায়তনের ভেতর চরম অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন।

এক পর্যায়ে বেলা ১টা পর্যন্ত চেষ্টা করেও কোনো নিয়ন্ত্রণ আনতে না পেরে মিলনায়তন থেকে বেরিয়ে যান রাউজানের এমপি ফজলে করিম চৌধুরী।

এর পরপরই সম্মেলনস্থল ছাড়েন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও জাকির হোসাইন।

নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর জেলা ছাত্রলীগের একাধিক নেতা বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক করা নিয়ে আওয়ামী লীগের জ্যেষ্ঠ কয়েকজন নেতা ও সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। ওই বিরোধের জেরেই ‘বহিরাগতদের’ দিয়ে এ হামলা চালানো হয়েছে।

‘সংক্ষিপ্ত তালিকা’ যাবে কেন্দ্রে

সম্মেলনের প্রথম পর্ব পণ্ড হওয়ার পর বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে এক সভায় বসেন উত্তর জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা।

সঙ্গে ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জাকির হোসাইন, রাসেল হোসেন ও সাকিবুল হাসান সুইন।

সভার সিদ্ধান্তের বিষয়ে উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আলোচনা করে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কয়েকটি নামের একটি তালিকা করা হয়েছে। ওই সংক্ষিপ্ত তালিকা কেন্দ্রীয় ছাত্রলীগের পাঠানো হচ্ছে। কেন্দ্রই পরবর্তী সিদ্ধান্ত নেবে।”

হামলার বিষয়ে আবু তৈয়ব বলেন, “হামলাকারীর উত্তর জেলার কেউ নয়। তারা বহিরাগত।”

উত্তর জেলা ছাত্রলীগের বর্তমান কমিটি প্রায় আট বছর দায়িত্ব পালন শেষে সম্মেলনের আয়োজন করে।