মহিউদ্দিনের স্মরণ সভায় সংঘর্ষে ছাত্রলীগ
সংগঠনের সাবেক ও বর্তমান নেতাদের উপস্থিতিতে তিন দফায় কয়েক পক্ষের মধ্যে সংঘর্ষের মধ্যেই অনুষ্ঠিত হয়েছে এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্মরণে চট্টগ্রাম নগর ছাত্রলীগ আয়োজিত সভা।
সোমবার বিকালে নগরীর লালদীঘি মাঠে এই সভার আয়োজন করা হয়েছিল।
বিকাল ৪টার দিকে সভা শুরুর পর থেকেই হাততালি, ব্যানার উঁচিয়ে রাখা আর চেয়ার ছেড়ে সামনের দিকে এসে ভিড় করে পাল্টাপাল্টি স্লোগানের মধ্যেই সভার কার্যক্রম চলতে থাকে।
মূলত নগরীর ওমর গণি এমইএস কলেজকেন্দ্রিক কয়েকজন নেতার অনুসারীদের মধ্যেই দুই দফায় সংঘর্ষ হয় বলে ছাত্রলীগের নেতাকর্মীরা জানিয়েছেন।
সভার আগে থেকেই লালদীঘি মাঠ ও আশেপাশের এলাকায় একশ’র বেশি পুলিশ মোতায়েন ছিল।
সভা সঞ্চালনাকারী নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ব্যানার নামিয়ে ফেলতে এবং স্লোগান বন্ধ করতে বারবার নির্দেশনা দেন।
এসময় তার পাশে দাঁড়িয়ে বারবার হাত উঁচিয়ে চিৎকার করেও স্লোগান থামাতে পারেননি নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু।
পৌনে ৫টার দিকে মঞ্চের বামপাশে সিটি কলেজ, ডান পাশে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ, মাঝের সারির পেছনের দিকে ৩৮ নম্বর ওয়ার্ড এবং সামনের দিকে এমইএস কলেজ ছাত্রলীগের নামে স্লোগান চলছিল।
এরমধ্যেই সভায় বক্তব্য শুরু করেন ওমর গণি এমইএস কলেজ ছাত্র সংসদের জিএস আরশেদুল আলম বাচ্চু।
তার বক্তব্যের শেষ দিকে নগর ছাত্রলীগের উপ-সম্পাদক মিনহাজুল আবেদিন সানির অনুসারীদের সঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুর রহমান শামীমের অনুসারীদের মধ্যে হাতাহাতি শুরু হয়।
ছাত্রলীগ নেতারা জানান, স্লোগান দেওয়াকে কেন্দ্র করেই সানি ও শামীমের অনুসারীরা বিরোধে জড়ায়।
এসময় ছোটাছুটি শুরু হলে পুরো সভাস্থল ধুলোর রাজ্যে পরিণত হয়। বাঁশের ঘেরা ডিঙ্গিয়ে বেশকিছু নেতাকর্মী মঞ্চের সামনে চলে আসেন।
চট্টগ্রামের লালদীঘির মাঠে সোমবার আওয়ামী লীগের প্রয়াত নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্মরণ সভায় পক্ষের সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের কর্মীরা। ছবি:সুমন বাবু
এসময় একপক্ষ আরেকপক্ষের উপর চেয়ার ছুড়তে থাকে। পুরো মাঠজুড়ে বিশৃঙ্খলা দেখা দেয়। মঞ্চে থাকা ছাত্র ও যুবলীগ নেতারা একসাথে দাঁড়িয়ে যান। তারা একযোগে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে পরিস্থিতি শান্ত করেন।
এরপর কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান মনসুর, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন, যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ ও মাহবুবুল হক সুমন বক্তব্য দেন।
বক্তারা ‘বিশৃঙ্খলা’ সৃষ্টি না করতে এবং স্লোগান না দিতে আহ্বান জানিয়ে কর্মীদের শাসিয়েও দেন।
বিকেল ৫টার দিকে মঞ্চে আসেন সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন। সোয়া ৫টায় আসেন সভার প্রধান অতিথি ড. অনুপম সেন।
বিকাল ৫টা ২০ মিনিটের দিকে আওয়ামী লীগের দুই কেন্দ্রীয় নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বিপ্লব বড়ুয়া উপস্থিত হন।
এরপরও এমইএস কলেজের নামে স্লোগান চলতে থাকলে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য চন্দন ধর ও ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ থামানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।
সাবেক নগর ছাত্রলীগ সভাপতি এম আর আজিমের বক্তব্য চলাকালে বিকেল সাড়ে ৫টায় সংঘর্ষে জড়িয়ে পড়ে মিনহাজুল আবেদিন সানি এবং এমইএস কলেজ ছাত্র সংসদের ভিপি ওয়াসিমের অনুসারীরা।
এসময় চেয়ার ছোড়াছুড়ি, কিল-ঘুষি, লাঠির আঘাত, দৌড়াদৌড়িতে পুরো সভা স্থলে চরম বিশৃঙ্খলা দেখা দেয়।
তখন মঞ্চের বাম পাশ দিয়ে নেমে আসেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর ও সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক সালাউদ্দিন। তারা মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
এক পর্যায়ে পরিস্থিতি কিছুটা শান্ত হলে মঞ্চের সামনে দিয়ে ডান পাশে যাওয়ার সময় বাবরের অনুসারীদের সঙ্গে ওয়াসিমের অনুসারীরা ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে।
তখন মঞ্চের সামনেই দু’পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। অতিথি আসন থেকে উঠে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম।
‘সবাইকে বহিস্কার করা হবে’
এ পরিস্থিতিতে বিকেল ৫টা ৪৫মিনিটের দিকে বিশেষ অতিথির বক্তব্য দিতে শুরু করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহিউদ্দিনপুত্র মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, “আপনারা যা করেছেন, ভালো করেন নাই। অনেক হয়েছে। ছাত্রলীগের নাম ব্যবহার করে নিজের ভাইয়ের গায়ে যদি কেউ হাত দেয়, এটা রাজনীতি না।
“পরিস্থিতি যদি এমন হয় যে, নিজের সহকর্মীকে সহ্য না করেন তাহলে আপনারা আদর্শের রাজনীতি করেন না। যারা বিশৃঙ্খলা করেছে তাদের সবাইকে বহিষ্কার করা হবে এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
এরপর একরকম তড়িঘড়ি করে প্রধান অতিথি ড. অনুপম সেন বক্তব্য দেন। সেসময় মাঠ প্রায় অর্ধেক খালি হয়ে পড়ে।
সভা শেষে জানতে চাইলে নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্ত কমিটি হবে। যারা জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনগত ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে।”
আসেননি অনেক অতিথি
বিশেষ অতিথির তালিকায় থাকা আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনএবং বিশেষ বক্তা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ সভায় অংশ নেননি।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা থেকে রওনা হলেও সভাস্থলে পৌঁছানোর আগেই সভা শেষ হয়ে যায়। সন্ধ্যায় তিনি চট্টগ্রামে পৌঁছান।
সভায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, আইন সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, যুবলীগ আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন খোকা প্রমুখ।
