বিএনপি নেতা শাহাদাৎ রিমান্ডে
খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় নিয়ে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর গ্রেপ্তার বিএনপি নেতা শাহাদাৎ হোসেনকে হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শাহাদাৎ হোসেন ভুঁইয়া তাকে চার দিন পুলিশ হেফাজতের আদেশ দেন।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবু্দ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই মামলাতে দুই দিন করে মোট চার দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আলাদাভাবে এই রিমান্ড কার্যকর হবে।”
শাহাদাৎসহ মোট চার বিএনপি নেতার রিমান্ড মঞ্জুর হয়েছে। অন্যরা হলেন আলমগীর নূর, আরিফুল ইসলাম ও আব্দুল কাদের জসিম।
এই দুই মামলায় গ্রেপ্তার বাকি ১৫ জনের মধ্যে চারজন নারী। এদের মধ্যে একজন নারী আইনজীবী।
ওই চার নারী বাদে বাকি ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে চেয়েছিল পুলিশ।
পুলিশ কর্মকর্তা শাহাবুদ্দিন বলেন, এক নারী ও এক পুরুষ আইনজীবীর জামিন শুনানি হলেও তা মঞ্জুর হয়নি। শুনানি শেষে দুই মামলার বাকি সব আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে জিয়া এতিমখানা দুর্নীতির মামলার রায় ঘোষণার আগেই নগরীর নাসিমন ভবনে নগর বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ওই ঘটনার পর ও বৃহস্পতিবার রাতে নাসিমন ভবন এলাকা ও আশেপাশের এলাকা থেকে ১৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই রাতেই সন্ত্রাসবিরোধী আইন ও পুলিশের ওপর হামলার ঘটনায় করা দুই মামলায় তাদের আসামি করা হয়।
