বিএনপিনেতা শাহাদৎসহ ১৯ জন কারাগারে
খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার নগর বিএনপি সভাপতি ডা. শাহাদাৎ হোসেনসহ ১৯ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
নগরীর কোতোয়ালি থানায় বৃহস্পতিবার রাতে সন্ত্রাস বিরোধী আইনে ও পুলিশের ওপর হামলার ঘটনায় করা দুই মামলায় শাহাদাৎসহ ১৯ জনকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে হাজির করা হয়। এসময় তাদের পক্ষে জামিন আবেদন করা হয়।
শুনানি নিয়ে মহানগর হাকিম মাসুদ পারভেজ জামিন আবেদন নাকচ করে ১৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিএনপি নেতার আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামে গতকাল কোনো নাশকতা বা সংঘাত হয়নি। তেমন কেউ আহতও হয়নি।
“ছোট একটি ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে দুটি মামলা করা হয়েছে। যাদের গ্রেপ্তার করে আনা হয়েছে তাদের মধ্যে কারো কারো দলে কোনো পদ-পদবিও নেই। তারা দলীয় কর্মসূচি দেখতে এসেছিল মাত্র।”
“জামিন শুনানি শেষে ১৯ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।”
দুই মামলাতেই নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাৎ হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ ওমটে ৪৯ জনকে আসামি করা হয়েছে।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে মামলা দুইটি করা হয়েছে। মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের মোট ৪৯ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জিয়া এতিমখানা দুর্নীতি মামলার রায় ঘোষণার আগেই নগরীর নাসিমন ভবনে নগর বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় নগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাৎ হোসেনসহ নয়জনকে এবং তার আগে তিনজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।
রাতে বিএনপি কার্যালয় এলাকা ও আশেপাশের এলাকা থেকে বাকিদের গ্রেপ্তার করা হয়।
