২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ছাত্রজোটের মিছিলে ফের ছাত্রলীগের হামলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে ফের হামলা চালিয়েছে ছাত্রলীগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2018, 07:22 PM

Updated : 11 Oct 2022, 12:02 PM

পুরনো খবর:

চবিতে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলা

বুধবার বিকাল পৌনে ৩টার দিকে জোটের মিছিলে দ্বিতীয় দফায় হামলা হয়।

এর আগে দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জোটের মিছিলে ছাত্রলীগ হামলা চালায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নিপীড়ন বিরোধী’ শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে চাকসু ভবনের সামনে থেকে মিছিল বের করেছিল ছাত্রজোটের নেতাকর্মীরা।

প্রথম দফা হামলায় আহত ১০ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নেন।

আর দুই দফা হামলায় আহত মোট ছয়জন শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ছাত্র ফেডারেশনের আহ্বায়ক ফজলে রাব্বির নেতৃত্বে বিকাল পৌনে ৩টার দিকে প্রগতিশীল ছাত্রজোটের একটি বিক্ষোভ মিছিল শুরু হলে লাঠি-বাঁশ নিয়ে হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা।

এতে মিছিলে থাকা কয়েকজন শিক্ষার্থী আহত হন। আহতরা হলেন- কনক দাশ তপু, ফজলে রাব্বি, সোলায়মান তানজিম, ফখরুল ইসলাম, আমিরুল সাঈদী ও সায়েমা আক্তার নিশু।

শুরুতে তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয় বলে সেন্টারের চিকিৎসক মোহাম্মদ টিপু সুলতান জানিয়েছেন।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতদের ক্যাজুয়ালটিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ছাত্রলীগের বিলুপ্ত কমিটির ক্রীড়া সম্পাদক মাহফুজ আহমেদ বলেন, “মিছিলে নেত্রীর নামে কটূক্তি করে স্লোগান দেওয়ায় আমরা তাদের প্রতিহত করেছি।”