চবিতে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ হামলার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি ধীষন প্রদীপ চাকমার দাবি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'নিপীড়ন বিরোধী' শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার চাকসু ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।
তারা লাইব্রেরি ভবনের সামনে পৌঁছানোর পর ছাত্রলীগের কর্মীরা মিছিলের ওপর চড়াও হয় বলে প্রত্যক্ষদশীদের ভাষ্য।
ছাত্র ইউনিয়ন নেতা ধীষন চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগের কর্মীরা আমাদের মিছিলে হামলা করে। আমাদের অন্তত দশজন তাদের পিটুনিতে আহত হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি আমরা শুনেছি। তদন্ত করে দেখা হবে আসলে কি হয়েছে।”
হামলার অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ছাত্রলীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
