২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি মুদ্রাসহ একজন গ্রেপ্তার

চট্টগ্রামে বিদেশি মুদ্রাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2017, 08:04 PM

Updated : 12 Apr 2022, 01:01 AM

রোববার ভোরে বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছে এক লাখ ২৫ হাজার রিঙ্গিত ও ১১ হাজার ৮০০ ডলার উদ্ধার পাওয়া গেছে।

গ্রেপ্তার মো. সেলিম উল্লাহ (৩৮) কক্সবাজার সদর এলাকার বাসিন্দা। 

বাকলিয়ার ওসি প্রণব চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম কোঅপারেটিভ ফর হিউমেনিটেরিয়ান অ্যাক্টিভিটিস (সিএইচএ) নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার হিসাব কর্মকর্তা হিসেবে কর্মরত বলে জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি জানান, ভোরে শাহ আমানত সেতু এলাকায় কক্সবাজার থেকে চট্টগ্রাম আসা একটি বাস থেকে নেমে হেঁটে যাওয়ার সময় সন্দেহজনক গতিবিধির কারণে ওই এলাকায় দায়িত্বে থাকা থানার টহল দল সেলিমকে চ্যালেঞ্জ করে।

“পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিদেশি মুদ্রা পাওয়া যায়।”

ওসি প্রণব জানান, সেলিম বিদেশি মুদ্রার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

“এনজিওটির পরিচালক কক্সবাজারের রামুর বাসিন্দা মো. আয়াছ তাকে টাকাগুলো দিয়ে চট্টগ্রামে পাঠিয়েছেন বলে সেলিম জানিয়েছেন।”

পুলিশ কর্মকর্তা প্রণব বলেন, সেলিম যে এনজিওর কথা বলেছেন সেটি কোনো পরচিতি এনজিও নয়। টাকাগুলো কিভাবে তার কাছে এসেছে সেটি জানার জন্য তদন্ত চলছে।

পরে সেলিমকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তবে আদালত শুনানি না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।