২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০২০ সালের মধ্যে গভীর নলকূপ থাকবে না: ওয়াসা এমডি

২০২০ সালের মধ্যে বন্দর নগরীতে কোনো গভীর নলকূপের প্রয়োজন থাকবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2017, 07:52 PM

Updated : 12 Apr 2022, 01:01 AM

রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে ওয়াসার সেবা মাসের সমাপনীতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এ কে এম ফজলুল্লাহ বলেন, “২০১৮ সালের জুনে হালদা নদীর তীরে মদুনাঘাটে বাস্তবায়নাধীন পানি শোধনাগারের কাজ শেষ হলে ৯ কোটি লিটার পরিশোধিত পানি সরবরাহ করতে পারব।

“চলমান প্রকল্পগুলো শেষ হলে চট্টগ্রামের ৯৫ শতাংশ মানুষ পানি পাবে। তখন বেশিরভাগ টিউবওয়েল বন্ধ হয়ে যাবে। মানুষ যখন ওয়াসার পানি পাবে তখন নিজেরাই তা বন্ধ করে দেবে।”

তিনি বলেন, বর্তমানে ২৫-৩০ শতাংশ পানি গভীর নলকূপ থেকে আসে। ২০২০ সালের মধ্যে চট্টগ্রাম শহরে কোনো গভীর নলকূপ থাকবে না।

নগরবাসীকে নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসা কাজ করছে উল্লেখ করে একেএম ফজলুল্লাহ বলেন, ১৯৬৩ সালে ওয়াসা প্রতিষ্ঠার পর যে পাইপগুলো স্থাপন করা হয় সেগুলো ছিল বি ক্লাস গ্রেডিংয়ের। ৩০-৩৫ বছর স্থায়িত্ব ছিল সেগুলোর।

“এখন যেসব পাইপ ব্যবহার করা হচ্ছে তার মধ্যে বড় পাইপগুলো হাই ডাকটিলিটি আয়রনের এবং ছোটগুলো এইচডিপিই। এগুলো ৮০-১০০ বছর স্থায়ী। এতে লিকেজও অনেক কমে যাবে।”

কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের (ফেজ-২) এর আওতায় ৬০০ কিলোমিটার পুরনো পাইপলাইন বদল করা হবে বলেও জানান তিনি।

এছাড়া নগরবাসী পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে চাইলে ভবিষ্যতে ওয়াসার পক্ষ থেকে লোকবল দিয়ে সহায়তা করা হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রাম ওয়াসা দৈনিক ৩০ কোটি লিটার পানি সরবরাহ করে। এর মধ্যে শেখ হাসিনা পানি শোধনাগার থেকে ১৪ কোটি লিটার, মোহরা পানি শোধনাগার থেকে ৯ কোটি লিটার এবং গভীর নলকূপ থেকে ৭ কোটি লিটার উৎপাদন হয়।

কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের ফেজ-২ কাজ চলমান। এই প্রকল্পের আওতায় ১৪ কোটি লিটার ক্ষমতার একটি পানি শোধনাগার নির্মাণ করা হচ্ছে।

২০২২ সালে বোয়ালখালীতে ৬০ মিলিয়ন লিটার ক্ষমতার ভান্ডালজুরী পানি সরবরাহ প্রকল্পের কাজ শেষ হলে বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া এবং বাঁশখালীতে পানি সরবরাহ করা হবে বলেও জানান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়া সেবা মাসে গৃহীত বিভিন্ন পদক্ষেপের তথ্য তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) বিশ্বজিৎ ভট্টাচার্য্য খোকন, বোর্ড সদস্য তপন চক্রবর্তী, সচিব মো. শামিম সোহেল প্রমুখ।