২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদদলনে নিহতদের জন্য প্রধানমন্ত্রীর সহায়তা

চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে পদদলিত হয়ে নিহতদের স্বজনদের আর্থিক সহায়তার পাশাপাশি ভবিষ্যতে সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2017, 06:41 PM

Updated : 11 Oct 2022, 02:52 PM

পুরনো খবর:

পাশে আছি: মহিউদ্দিন চৌধুরীর পরিবারকে হাসিনা
মহিউদ্দিন চৌধুরী আর নেই
মহিউদ্দিনের কুলখানির মেজবানে পদদলিত হয়ে নিহত ১০

তিনি রোববার বিকালে চট্টগ্রাম নগরীর চশমা হিলে প্রয়াত মহিউদ্দিনের বাসভবনে গিয়ে নিহতদের পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান।

এই পরিবারগুলোর সদস্যদের খোঁজ রাখার জন্য মহিউদ্দিনের পরিবারের সদস্যদেরও নির্দেশ দেন শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত আওয়ামী লীগ নেতা মহিউদ্দিনের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তার বাসায় গিয়েছিলেন।

গত ১৮ ডিসেম্বর মহিউদ্দিনের কুলখানির মেজবানে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যু ঘটে।  

পদদলনে নিহত প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা করে অর্থ সহায়তা দেন প্রধানমন্ত্রী।

মহিউদ্দিনপুত্র, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “‘প্রধানমন্ত্রী আমাদের পরিবারকে পদদলনে নিহতদের পরিবারের সাথে সবসময় থাকতে নির্দেশ দেন। তাদের পরিবারের সদস্যদের পড়ালেখা এবং উপার্জনের জন্য চাকরির ব্যবস্থা করার কথাও বলেছেন।

“‘আমরা দুর্ঘটনার পর থেকেই তাদের সাথে ছিলাম, অর্থ সহায়তা দিয়েছি এবং ভবিষ্যতেও তাদের সাথে থাকব। নিহতদের পরিবারের সদস্যদের কারও জন্য চাকরির ব্যবস্থা করব।”

পদদলনে নিহত কৃঞ্চপদ দাশের স্ত্রী চন্দনা দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, স্বামীকে তো আর ফিরিয়ে দিতে পারব না, টাকা দিলাম। আপনাদের পাশে সবসময় থাকব।”

নিহত অলক ভৌমিকের স্ত্রী স্বপ্না ভৌমিক বলেন, “প্রধানমন্ত্রী আমাদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন।”

চাকরি চাইলেন সত্যব্রতের স্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগদ অর্থ সহায়তা দেওয়ার সময় নিহত সত্যব্রত ভট্টচার্যের স্ত্রী প্রিয়া শর্মা তার এতিম দুই সন্তানের জন্য একটি চাকরি চান।

দুই বছরের শিশুসন্তানকে সঙ্গে করে আসা প্রিয়া শর্মা কান্নাজড়িত কণ্ঠে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী আমাদের অর্থ সহায়তা দিয়েছেন। এটা অনেক বড় দিক। কিন্তু ছেলেমেয়ের জন্য, পরিবারের জন্য আমার একটি চাকরি দরকার। জীবনের সিকিউরিটির জন্য প্রধানমন্ত্রীর কাছে চাকরি চেয়েছি।

“তিনি সিভি দিতে বলেছেন। মহিউদ্দিন চৌধুরীর সন্তানদের তা দেখতে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী।”

লক্ষ্মীপুরের এলজিইডি’র উপ সহকারী প্রকৌশলী সত্যব্রত কিছুদিন আগে বদলি হয়ে চট্টগ্রামে আসেন। বাসাভাড়াও নিতে পারেননি। নগরীর আসকারদীঘির পাড়ে ছোটভাইয়ের বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে অস্থায়ীভাবে উঠেছিলেন তিনি। সেখানে থেকেই নতুন বাসা খোঁজার কথা ছিল। বড় মেয়েকে ভর্তি পরীক্ষা দেয়ানোর কথাও ছিল।

প্রিয়া শর্মা বলেন, “মেয়েকে স্কুলে ভর্তি করাতে পারিনি। নতুন বাসাও নেওয়া হয়নি। আমাদের পরিবার একপ্রকার পথে বসেছে। সেজন্যই অর্থ সহায়তার বদলে চাকরি চেয়েছি। যাতে পরিবারকে নিরাপদ রাখতে পারি।”

এর আগে মহিউদ্দিন চৌধুরীর পরিবারের পক্ষ থেকে তার ছেলে নওফেল নিহতদের পরিবারের সদস্যদের এক লাখ টাকা করে অর্থ সহায়তা পাশাপাশি ভবিষ্যতে পাশে থাকার ঘোষণা দিয়েছিলেন।

নিহতদের মধ্যে কৃষ্ণপদ রায়ের স্ত্রীকে ইতোমধ্যে চট্টগ্রামের ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে অফিস সহায়ক পদে চাকরি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।