আইনজীবী হত্যার স্বীকারোক্তি দুজনের
চট্টগ্রামে আইনজীবী ওমর ফারুক বাপ্পী হত্যা মামলায় সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার দুজন।
মঙ্গলবার বিকাল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত দুই আসামি আল আমীন (২৮) ও পারভেজ ওরফে আলী (২৪) জবানবন্দি দেন।
চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমান দুই জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুরুতে আল আমীন এবং পরে পারভেজ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
“তারা হত্যাকান্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।”
এদিকে এ ঘটনায় গ্রেপ্তার অন্য চারজনের প্রত্যেককে চার দিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ। মঙ্গলবার আদালতের এই আদেশ হয়।
পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের জিজ্ঞাসাবাদ করে মামলার সব প্রয়োজনীয় তথ্য উদঘাটন করা হবে।”
শনিবার সকালে নগরীর চকবাজার থানাধীন কেবি আমান আলী সড়কের একটি ভাড়া বাসা থেকে আইনজীবী বাপ্পীর হাত-মুখ স্কচ টেপে মোড়ানো লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর পুলিশ আইনজীবীর স্ত্রী রাশেদাসহ ছয়জনকে গ্রেপ্তার করে।
