আইনজীবী হত্যায় স্ত্রীসহ ৪ জন রিমান্ডে
চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী রাশেদা বেগমসহ চার আসামিকে চারদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
অন্য তিন আসামি হলেন- হুমায়ুন রশিদ, আকবর হোসেন রুবেল ও জাকির হোসেন মোল্লা।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমান তাদের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত পুলিশের সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দিন আহমেদ জানান, চার আসামিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা। শুনানি নিয়ে বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ হত্যাকাণ্ডে গ্রেপ্তার অপর দুই আসামি আল আমিন ও পারভেজ ওরফে আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়নি বলে জানান তিনি।
আসামিদের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। তাদের পুলিশের হেফাজত থেকে আদালত কক্ষে নেওয়ার সময় উপস্থিত কয়েকশ আইনজীবী আসামিদের ফাঁসি দাবি করে বিক্ষোভ করেন।
রিমান্ড শুনানির সময়ও বিপুল সংখ্যক আইনজীবী আদালত কক্ষে উপস্থিত ছিলেন।
শনিবার সকালে চট্টগ্রামের চকবাজার থানার কেবি আমান আলী সড়কের একটি ভাড়া বাসা থেকে আইনজীবী ওমর ফারুক বাপ্পীর লাশ উদ্ধার করে পুলিশ। তার হাত-মুখ টেপে মোড়ানো ছিল, জননাঙ্গ ছিল শরীর থেকে বিচ্ছিন্ন।
পারিবারিক কলহের মধ্যে বিয়ের কাবিনের টাকা বাড়িয়ে নিতে গিয়ে রাশেদার পরিকল্পনায় বাপ্পীকে হত্যা করা হয় বলে সন্দেহ করছে পুলিশ।
