২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীর পরিকল্পনাতেই আইনজীবী বাপ্পীকে খুন

সংসার ভেঙ্গে যেতে পারে এই আশঙ্কা থেকে জোর করে কাবিনের টাকা বাড়িয়ে নিতে গিয়েই আইনজীবী ওমর ফারুক বাপ্পীকে খুন করা হয়, যার মূল পরিকল্পনাকারী বাপ্পীর স্ত্রী রাশেদা বেগম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2017, 09:57 PM

Updated : 12 Apr 2022, 12:48 AM

কুমিল্লার মিয়ার বাজার ও চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকা থেকে রাশেদাসহ ছয়জনকে গ্রেপ্তারের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা এ তথ্য জানান।

গ্রেপ্তার অন্যরা হলেন- হুমায়ুন রশীদ (২৮), আল আমীন (২৮), পারভেজ ওরফে আলী (২৪), আকবর হোসেন ওরফে রুবেল (২৩), জাকির হোসেন ওরফে মোল্লা জাকির (৩৫)।

পিবিআইর চট্টগ্রাম মেট্রোর অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনউদ্দিন জানান, রাশেদার পরিকল্পনায় খুন করা হয় আইনজীবী বাপ্পীকে। তার সঙ্গে হুমায়ুন ও অন্যরা অংশ নেন।

হত্যাকাণ্ডের পর পিবিআই মামলার তদন্তভার নিয়ে কুমিল্লার মিয়ার বাজার থেকে রাশেদা ও হুমায়ুনকে গ্রেপ্তার করে।

পরে তাদের কাছ থেকে তথ্য নিয়ে সোমবার বিকালে ইপিজেড এলাকা থেকে অন্য চারজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান পিবিআই কর্মকর্তা মঈনউদ্দিন। 

শনিবার সকালে চকবাজারের কে বি আমান আলী সড়কের বড় মিয়া মসজিদ এলাকায় একটি ভবনের নিচতলার বাসা থেকে আইনজীবী বাপ্পীর লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের সময় বাপ্পীর হাত-পা ও মুখ টেপ দিয়ে মোড়ানো ছিল। লাশের পুরুষাঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন ছিল।

এ ঘটনায় আইনজীবী বাপ্পীর বাবা আলী আহমদ একটি মামলা করেন। মামলায় সরাসরি কাউকে অভিযুক্ত করা না হলেও রাশেদাকে সন্দেহভাজন আসামি হিসেবে উল্লেখ করা হয়।

পিবিআই জানায়, রাশেদা ও তার আগের স্বামী দেলোয়ার ইয়াবা ব্যবসায়ী। ২০১৪ দেলোয়ারের মামলা চালাতে গিয়ে আইনজীবী বাপ্পীর সাথে রাশেদার সম্পর্ক তৈরি হয় এবং গত বছর তারা বিয়ে করেন।

পিবিআই কর্মকর্তা মঈনউদ্দিন জানান, পরে তাদের মধ্যে দাম্পত্য কলহ তৈরি হয় এবং গত এপ্রিল মাসে তারা পাঁচলাইশ ও কোতোয়ালি থানায় পরষ্পরের বিরুদ্ধে মামলা করেন।

“মামলার প্রেক্ষিতে আইনজীবী বাপ্পীকে পুলিশ গ্রেপ্তার করে এবং তিনি জাল ডিভোর্স পেপার জমা দিয়ে মামলা থেকে রেহাই পান।”

তিনি বলেন, “রাশেদা জানিয়েছে, বাপ্পী প্রায়ই তাকে ‘দুই পয়সার মেয়ে’ বলে সম্বোধন করত এবং তাড়িয়ে দেওয়ার হুমকি দিত।”

দুই লাখ টাকা কাবিনে রাশেদা আর বাপ্পীর বিয়ে হয় জানিয়ে পিবিআই কর্মকর্তা মঈনউদ্দিন জানান, কাবিনের টাকা ১০ লাখ করতে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নিতে রাশেদা তার বন্ধু হুমায়ুনকে নিয়ে পরিকল্পনা করেন।

“সেজন্য গত ২০ নভেম্বর রাশেদা হুমায়ুনকে নিজের ভাই সাজিয়ে কেবি আমান আলী রোডের ওই বাসা ভাড়া নেয়। গত ২৪ নভেম্বর বাপ্পী সেখানে যাওয়ার রাত ১০টা থেকে ভোরের যেকোনো সময় তাকে খুন করা হয়।”

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মঈনউদ্দিন বলেন, “পরিকল্পনা অনুযায়ী বাপ্পী ওই বাসায় গেলে হুমায়ুন তার গলায় ধরে চিৎকার করতে নিষেধ করে। বাপ্পী চিৎকার করতে চাইলে অন্যরা তার হাত-পা ধরে মুখে স্কচ টেপ লাগিয়ে দিলে সে অজ্ঞান হয়ে যায়।

“মুখে পানি ছিটানোর পরও জ্ঞান না ফেরায় হুমায়ুন বাপ্পীর কাছে থেকে স্বাক্ষর নেওয়া সম্ভব নয় বলে জানায়। সে সময় রাশেদা বাপ্পীর পুরুষাঙ্গ কেটে দিতে বললে হুমায়ুন রাজি হয়নি। তবে অন্যরা রাজি হলে হুমায়ুন রাশেদাকে নিয়ে বাসা থেকে বের হয়ে মুরাদপুর চলে যায়। অন্যরা কাজ শেষে ছবি তুলে মুরাদপুরে রাশেদার সঙ্গে দেখা করে এবং রাশেদা তাদের পাঁচ হাজার টাকা দেয়।”

পরে রাশেদা বহদ্দারহাট এলাকায় তার বোনের বাসায় এবং পরদিন কুমিল্লার মিয়ার বাজার চলে যায়। হুমায়ন সেখানে তার এক বন্ধুর মাধ্যমে একটি বাসা ঠিক করে দেন।

“সে বাসায় একদিন থেকে রাশেদা টঙ্গি চলে যায়, কিন্তু  সেখানে যার কাছে যাওয়ার কথা তাকে না পেয়ে পুনরায় মিয়ার বাজার চলে আসে।”

পরে সেখান থেকে রাশেদা ও হুমায়ুনকে গ্রেপ্তার করে পিবিআই।

গ্রেপ্তারদের মঙ্গলবার আদালতে তোলা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা মঈনউদ্দিন।

পুরনো খবর:

চট্টগ্রামে আইনজীবীর লাশ উদ্ধার