২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি উপাচার্যের কার্যালয় ভাংচুর তদন্তে কমিটি

উপাচার্য দপ্তর ভাংচুরের ঘটনায় তদন্ত কমিটি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2017, 08:35 PM

Updated : 19 Aug 2022, 05:55 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন নির্বাহী আদেশে এ তদন্ত কমিটি গঠন করেন।

সহকারী প্রক্টর লিটন মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মার্কেটিং বিভাগের অধ্যাপক এসএম সালামতউল্ল্যা ভূঁইয়াকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. বশির আহাম্মদ ও সহকারী প্রক্টর মো. মিজানুর রহমানকে সদস্য করা হয়েছে।

কমিটিকে প্রতিবেদন জমা দিতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া না হলেও দ্রুত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সহকারী প্রক্টর।

নগরীতে বর্ধিত গৃহকর বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইইআর) সহযোগী অধ্যাপক আমির উদ্দিনের অপসারণ দাবি করে মঙ্গলবার উপাচার্যের সঙ্গে দেখা করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি আলমগীর টিপু।

উপাচার্য দপ্তর থেকে টিপু বের হয়ে আসার পর তার অনুসারীরা উপাচার্যের কার্যালয়ের সামনে ও প্রশাসনিক ভবনের নিচে ভাংচুর চালায়।

এঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বুধবার হাটহাজারী থানায় অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে একটি মামলা করা হয়।

এর আগে ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে নিজ কার্যালয়ে কাজ করার সময় ১০-১৫ জন যুবক নিজেদের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী দাবি করে ‘অস্ত্র ঠেকিয়ে’ আমির উদ্দিনকে প্রাণনাশের ও আন্দোলন থেকে যাওয়ার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন আমির উদ্দিন।

এরপর সোমবার আমির উদ্দিনের অপসারণ দাবি করে উপাচার্যকে স্মারকলিপি দেয় টিপুর অনুসারীরা।

২০১৩ সালে সিআরবি’র টেন্ডার সন্ত্রাসে জোড়া খুন ও কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক দিয়াজ ইফরান চৌধুরী হত্যা মামালার অন্যতম আসামি টিপু বুধবার বিকালে মামলা হওয়ার আগে নিজের ফেইসবুক একাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন টিপু।

তাতে তিনি লেখেন, “বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর নেতাকর্মীর নাম দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোনো মামলা করে তাহলে আগামীকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য অবরোধের কবলে পড়বে। কর্মীরা প্রস্তুত হও...”

পুরনো খবর:

চবিতে ভাংচুর-অবরোধেও ছাত্রলীগের সেই কর্মীরা