২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে উদীচীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চট্টগ্রামে উদীচীর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সংগঠনটির জেলা সংসদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2017, 08:42 PM

Updated : 12 Apr 2022, 12:36 AM

রোববার বিকালে নগরীর চেরাগি মোড়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পাশাপাশি ৫০ বছরে পদার্পন উপলক্ষ্যে বছরব্যাপী নানা আয়োজন হাতে নিয়েছে।

গণসঙ্গীত, আবৃত্তি, আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে এই যাত্রা।

আলোচনা সভায় উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি শহীদ জায়া মুশতারি শফি বলেন, ১৯৬৮ সালে প্রতিষ্ঠার পর থেকে উদীচী সবসময় শোষিত ও গণমানুষের কথা বলে আসছে। প্রতিষ্ঠার ৪৯ বছরে উদীচী কখনই তার লক্ষ্য ও আদর্শ থেকে একচুলও সরেনি।

“এখনও দেশের মানুষকে ঘোর আঁধারে পথ দেখায় উদীচী। ভবিষ্যতেও দেখাবে।”

উদীচীর সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. চন্দন দাশ, চিত্রশিল্পী সৌমেন দাশ, চট্টগ্রাম জেলা কমিটির সহ সভাপতি গোলাম কিবরিয়া, গণজাগরণ মঞ্চের সংগঠক আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, সঙ্গীতশিল্পী মানস পাল ও শিক্ষক নেতা অঞ্চল চৌধুরী।

‘ঘোর আঁধারে পথ দেখাবে আগুনের নিশান’ স্লোগানে আয়োজিত এই অনুষ্ঠানে উদীচীর প্রতিষ্ঠাকালীন সদস্য তপন শীলকে সম্মাননা দেওয়া হয়।

কবিতা আবৃত্তি করেন রাশেদ হাসান ও অঞ্চল চৌধুরী। এছাড়া উদীচীর শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করবেন।