২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসিতে ১১৫ শিক্ষার্থীর নিবন্ধনের দাবিতে চট্টগ্রামে ছাত্রলীগের কর্মসূচি

আসন্ন জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) চট্টগ্রামের একটি স্কুলে ১১৫ শিক্ষার্থীর নিবন্ধন না হওয়ায় শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মানবন্ধন করেছে ছাত্রলীগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2017, 09:45 PM

Updated : 19 Aug 2022, 05:50 PM

শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার পরও তা নির্ধারিত সময়ের মধ্যে তা শিক্ষা বোর্ডে জমা না দেওয়ায় হালিশহর আইডিয়াল হাই স্কুলের শিক্ষার্থীদের এবছরের জেএসসি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত।

শিক্ষার্থীদের পরীক্ষা দিতে দেওয়ার ও দায়ীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার স্কুল ফটকে সমাবেশ ও মানবন্ধন করে ছাত্রলীগ।        

আগামী ১ নভেম্বর থেকে সারা দেশে এক যোগে শুরু হচ্ছে জেএসসি পরীক্ষা।

ছাত্রলীগের অভিযোগ, প্রতিষ্ঠার ১৪ বছরেও হালিশহর আইডিয়াল হাই স্কুল পাঠদানের সরকারি অনুমোদন পায়নি। কিন্তু তারা তা অভিভাবকদের কাছে গোপন রেখে স্কুল কার্যক্রম পরিচালনা করে আসছে।

নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক গোলাম সামদানী জনির সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, “আগে স্কুলটিতে এ ধরনের অনিয়ম হয়েছে। শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শকের দায়িত্ব থাকা কর্মকর্তারা অনৈতিক সুবিধা নিয়ে এ প্রতিষ্ঠান গুলো চালানোর সুযোগ দিয়ে আসছে।।”

সমাবেশে ছাত্রলীগ নেতাকর্মীদের পাশাপাশি স্কুল শিক্ষার্থী ও অভিভাবকরাও অংশ নিয়েছিল।

এদিকে ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারন সম্পাদক নুরুল আজিম রনি বিবৃতিকে এই ১১৫ জন পরীক্ষার্থীর পরীক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নিকট দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

স্কুলের পাঠদানের অনুমোদন না থাকার বিষয়টি স্বীকার করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেএসসি পরীক্ষার নিয়মানুযায়ী পাঠদানের অনুমোদনহীন স্কুলগুলোর শিক্ষার্থীরা অনুমোদিত কোনো স্কুলের মাধ্যমে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে থাকে। কিন্তু হালিশহর আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ অন্য কোনো স্কুলের মাধ্যমে শিক্ষর্থীদের নিবন্ধন করায়নি।”

স্কুল কর্তৃপক্ষকে আগামী ২৯ অক্টোবর শিক্ষা বোর্ডে যোগাযোগের জন্য বলা হয়েছে বলে জানান মাহবুব হাসান।