২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈদ্যুতিক পাখার ভেতরে ইয়াবা পাচার

বৈদ্যুতিক পাখার ভেতরে করে ঢাকায় পাচারের সময় চট্টগ্রামে এক হাজার ৮০০টি ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2017, 07:46 PM

Updated : 19 Aug 2022, 05:49 PM

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি এলাকায় এসএ পরিবহনের বুকিং কাউন্টার থেকে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. কায়সার হামিদ ওরফে নয়ন (২৭) সাতকানিয়া উপজেলার ঠাকুরদিঘী এলাকার বাসিন্দা।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইলিয়াছ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাজীর দেউরি এসএ পরিবহনের পার্সেল বুকিং কাউন্টারে অভিযান চালানো হয়।

“আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী সেখানে ফ্যান বুকিং দিতে যাওয়া কায়সার হামিদকে জিজ্ঞাসাবাদ করলে সে ইয়াবা পাচারের কথা স্বীকার করে।”

পরে বুকিং দিতে যাওয়া চার্জার ফ্যানের প্যাকেট খুলে সেখানে ভেতরে রাখা তিনটি প্যাকেট থেকে মোট এক হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, বলেন গোয়েন্দা কর্মকর্তা ইলিয়াছ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কায়সার হামিদ জানিয়েছেন, ইকবাল নামে এক ব্যক্তি তাকে ইয়াবাসহ চার্জার ফ্যানটি এসএ পরিবহনের উত্তরা শাখায় পাঠানোর জন্য বলেছিলেন।  

গ্রেপ্তার কায়সারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।