২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রামের ভেতর লাশ: জিজ্ঞাসাবাদের জন্য অমিতের বন্ধু আটক

চট্টগ্রামে দিঘীতে ড্রামের ভেতর লাশ উদ্ধারের ঘটনায় যুবলীগ কর্মী অমিত মুহুরির এক বন্ধুকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2017, 12:02 PM

Updated : 19 Aug 2022, 05:41 PM

নগরীর জিইসি মোড় থেকে মঙ্গলবার রাতে মো. সাব্বির (২৬) নামে এ যুবককে আটক করা হয়েছে বলে জানান কোতোয়ালী থানার ওসি জসীম উদ্দিন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সাব্বির অমিতের বন্ধূ এবং একই এলাকায় তারা থাকেন। আমরা কিছু তথ্য পেয়েছি সেগুলো নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।

“ড্রামের ভেতর লাশ উদ্ধারের ঘটনায় যাদের আগে গ্রেপ্তার করা হয়েছিল তাদের জবানবন্দীতে সাব্বিরের নাম আসেনি। তবে আমরা কিছু তথ্য সংগ্রহ করেছি সেগুলো যাচাই করতে সাব্বিরকে আটক করা হয়েছে।”

জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৩ অগাস্ট নগরীর কোতোয়ালী থানার এনায়েত বাজার রানীর দিঘী থেকে সিমেন্ট ঢালায় করা ড্রামের ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ তদন্ত করে উদ্ধার করা লাশটি ইমরানুল করিম ইমন নামে এক যুবকের বলে নিশ্চিত হয়।

এ ঘটনায় শিশির ও শফি নামে দুইজনকে গ্রেপ্তারের পর তারা জানায়, গত ৯ অগাস্ট নগরীর নন্দনকান ৩ নম্বর গলির হরিশদত্ত লেইনে বেঙ্গল হোল্ডিংসের ষষ্ঠ তলায় যুবলীগ কর্মী অমিত মুহুরির বাসায় ইমনকে হত্যা করা হয়। এরপর ড্রামে ভরে সিমেন্ট ঢালাই করে লাশটি দিঘীতে ফেলে দেওয়া হয়েছিল।

এরপর ২ সেপ্টেম্বর কুমিল্লা সদর উপজেলা পরিষদের কাছে ‘আদর মাদকাসক্তি নিরাময় কেন্দ্র’ নামে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে অমিতকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।

এঘটনায় কোতোয়ালী থানায় অজ্ঞাতনামাদের আসামি করে ইমনের পরিবারের পক্ষ থেকে করা মামলায় এই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুরনো খবর:

বেশভূষা বদলেও হাতের উল্কিতে ধরা