২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে গৃহবধূকে হত্যার অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2017, 09:20 PM

Updated : 12 Apr 2022, 12:26 AM

রোববার সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের হেদায় নগরে শ্বশুরবাড়িতে শান্তা রানী নাগের (১৯) মৃত্যুর পর পুলিশ তার স্বামী জিকু কান্তি দে’কে আটক করেছে।

শান্তা পাশের উপজেলা মিরসরাইয়ের ছোট কমলদহের বাসিন্দা সঞ্জয় নাগের মেয়ে।

গত ১ ফেব্রুয়ারি পারিবারিকভাবে শান্তার সঙ্গে জিকুর বিয়ে হয় বলে স্বজনরা জানান।

শান্তার মামা কাঞ্চন দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিয়ের পর কিছুদিন ভালোভাবে সংসার চললেও কিছুদিন ধরে যৌতুকসহ নানা কারণে শ্বশুরবাড়ির লোকজন শান্তাকে নির্যাতন করে আসছিল।

“সকালে শ্বশুর বাড়ির লোকজন শান্তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার চালায়।”

শান্তার মৃত্যুর খবর তার বাবার বাড়িতে দেওয়া হয়নি বলেও জানান কাঞ্চন।

তিনি বলেন, “আমাদের কিছু জানানো হয়নি। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে আমরা সেখানে গিয়ে লাশ উঠানে শোয়ানো অবস্থায় দেখতে পাই।”

সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শান্তাকে তার শ্বশুর বাড়ির লোকজন হাসপাতালে নিয়ে গিয়েছিল। বাড়িতে নিয়ে আসার পর আমরা লাশ উদ্ধার করেছি।”

শান্তার বাবার বাড়ির লোকজনের অভিযোগ পেয়ে জিকুকে আটক করা হয় বলে জানান ওসি।

ময়না তদন্তের জন্য শান্তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।