২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইলের আইএমইআই পাল্টানোর ঘাঁটি রেয়াজউদ্দিন বাজার

চট্টগ্রামে ছিনতাই কিংবা চোরাই ফোনের অধিকাংশই জায়গা করে নেয় রেয়াজউদ্দিন বাজারে। সেখানে উন্নতমানের সেটগুলোর আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডিন্টিটি) পরিবর্তন করে বিক্রি হয়।

উত্তম সেন গুপ্ত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2017, 06:57 PM

Updated : 11 Oct 2022, 02:34 PM

পুরনো খবর:

মোবাইল সেটের আইএমইআই বদলানোর ২ ‘কারিগর’ গ্রেপ্তার

আইএমইআই পাল্টে ফেলা এসব ফোন নিয়ে ক্রেতা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে পড়তে হয় বিপাকে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, মামলার তদন্তের স্বার্থে তাদের মোবাইল ফোনের কল রেকর্ড প্রয়োজন হয়। সেক্ষেত্রে আইএমইআই বদলে ফেলা সেট ব্যবহারকারীর স্থান ও নম্বর শনাক্ত করতে গিয়ে তাদের সমস্যার মুখে পড়তে হয়।

মোবাইল ফোন শনাক্তকারী নম্বর আইএমইআই পরিবর্তনের অন্যতম স্থান হচ্ছে চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজার। এখানকার অধিকাংশ দোকানেই কাজটি করা হয়।

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বিভিন্ন সময়ে এই বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই ও আইএমইআই পরিবর্তন করা মোবাইল ফোন উদ্ধার করেছে।

গত রোববারও রেয়াজউদ্দিন বাজার ও ফটিকছড়ি উপজেলায় অভিযান চালিয়ে ৯২টি মোবাইল ফোন উদ্ধার করে চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

এই ইউনিটের প্রধান ও নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. শহিদুল্লাহ জানান, রোববারের অভিযানে আইএমআই পাল্টনো বিভিন্ন মডেলের ৯২টি মোবাইলসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।

এদের মধ্যে দুইজন দোকান মালিক ও দুইজন মোবাইল ফোন ছিনতাই ও চুরি করেন। বাকিরা আইএমইআই পাল্টানোর কাজ করেন।

গ্রেপ্তাররা হলেন- ফটিকছড়ি বিবিরহাটের আনন্দ টেলিকমের মালিক অজিত চক্রবর্ত্তী ওরফে টুকু (৪৩), রেয়াজউদ্দিন বাজারের নাহিয়ান টেলিকমের মালিক মো. তারেক হোসেন (২৪), নুরু নবী (৪০), আলী হোসেন (৩০), ছাবের আহমদ (২৬), মিজানুর রহমান (২১), আরিফুল ইসলাম ওরফে শাওন (১৮) ও মাইন উদ্দিন জিসান (১৮)।

অভিযানে নেতৃত্ব দেয়া নগর গোয়েন্দা পুলিশ ও কাউন্টার টেরোরিজমের অতিরিক্ত উপ-কমিশনার এএএম হুমায়ন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিআরবি এলাকা থেকে মোবাইল ফোন ছিনতাইকারী নুর নবী ও আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়।

“তারা জিজ্ঞাসাবাদে ছিনতাই ও চুরির কথা স্বীকার করে জানায়, চোরাই সেটগুলো নগরীতে বিক্রি না করে ফটিকছড়ি বিবির হাট এলাকায় আনন্দ টেলিকম নামে একটি দোকানে বিক্রি করেন।

“এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আনন্দ টেলিকম থেকে ১৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার মধ্যে তিনটি নবী ও হোসেনের কাছ থেকে কেনা ও বাকী ১২টি আইএমইআই পরিবর্তন করা, যেগুলো টুকু রেয়াজউদ্দিন বাজার থেকে কিনেছেন বলে আমাদের জানিয়েছেন।”

হুমায়ন বলেন, “পরে রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রেয়াজউদ্দিন বাজার তামাকমুন্ডি লেইনে অভিযান চালানো হয়।”

তিনি জানান, অভিযানে নাহিয়ান টেলিকম নামে একটি দোকান থেকে ১২টি, টাচ প্লাস থেকে ৩০টি আইএমইআই পরিবর্তন করা, ১২টি চোরাই ও নেক্সট টাইম থেকে বাকী মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গত ৪ মে ন্যাশনাল টেলিকম ও টেকনোলজি নামে একটি দোকানে অভিযানে চালিয়ে আইএমইআই পরিবর্তন করার অভিযোগে দোকান মালিক ও তার সহকারী নুরুন্নবী লিটন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ কর্মকর্তা হুমায়ন জানান।

“তাদের কাছ থেকে আইএমইআই পরিবর্তন করার সরঞ্জাম উদ্ধার করেছিলাম। এরপর থেকে আমরা রেয়াজউদ্দিন বাজারে মোবাইল ফোনের দোকানগুলোতে নজরদারি বাড়িয়েছি।”

এদিকে আইএমইআই পরিবর্তন করা সেটগুলো নিয়ে বিপাকে পড়ার কথা জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ চাকমা।

তিনি বলেন, “সম্প্রতি ঠাকুরগাঁও জেলা পুলিশের অনুরোধে মোবাইল সেট চুরির সংঘবদ্ধ একটি দলের বিষয়ে তদন্ত করি।

“লিটন চক্রবর্ত্তী নামে চোর চক্রের এক সদস্যের বিষয়ে তদন্ত করতে গিয়ে একই আইএমইআইর দুইটি সেটের সন্ধান পাই। এতে তার অবস্থান শনাক্ত করতে কষ্ট হয়েছে।”

পিবিআই কর্মকর্তা সন্তোষ জানান, ওই চোর চক্রকে গ্রেপ্তারের পর তারা রেয়াজউদ্দিন বাজারে সোহেল টেলিকম নামের একটি দোকানের সন্ধান দেয়।

পরে ২০ সেপ্টেম্বর দোকানটিতে অভিযান চালিয়ে ৪৫টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার মধ্যে সাতটির আইএমইআই বদলে ফেলা হয়েছিল বলে জানান তিনি।