২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল সেটের আইএমইআই বদলানোর ২ ‘কারিগর’ গ্রেপ্তার

চট্টগ্রামে দুই মোবাইল সেট কারিগরকে গ্রেপ্তার করা হয়েছে, যারা মোবাইল ফোন সেটের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডিন্টিটি) নম্বর পাল্টানোর কাজের সঙ্গে জড়িত বলে দাবি করছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2017, 05:40 PM

Updated : 11 Apr 2022, 11:31 PM

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার রেয়াজউদ্দিন বাজার সিডিএ মার্কেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. রফিক (৩৪) ওই মার্কেটের ‘ন্যাশনাল মোবাইল টেকনোলজি’ নামে একটি দোকানের মালিক ও নুরুন্নবী লিটন (২৮) তার সহকারী।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএফএম হুমায়ন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মোবাইল সেটের আইএমইআই নম্বর পাল্টানোর সাথে জড়িত। আগে থেকে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে আইএমইআই নম্বর পাল্টানোর বিভিন্ন সফটওয়্যার এবং সেগুলো ব্যবহারের সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

এছাড়া এ কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ ও আইএমইআই পাল্টানোর জন্য দোকানে রাখা বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি মোবাইল সেট ও চারটি ট্যাবও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা হুমায়ন বলেন, বছর খানেক ধরে এ চক্রটি চট্টগ্রামে সক্রিয় হয়ে উঠেছে। তারা চুরি যাওয়া বিভিন্ন মোবাইল ফোন সেটের আইএমই নম্বর পরিবর্তন করে বিক্রি করে দেন।

“দীর্ঘদিন ধরে চক্রটির সন্ধানে পুলিশ কাজ করলেও তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। সর্বশেষ বৃহস্পতিবার দুইজনকে গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরি যাওয়া মোবাইল ফোন সেটের আইএমইআই নম্বর পাল্টানোর কথা পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানান এই গোয়েন্দা পুলিশ কর্মকর্তা।

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া সেটগুলো রেয়াজউদ্দিন বাজারের বিভিন্ন মোবাইলের দোকানে এনে বিক্রি করা হয়। দোকানদাররা মূলত বিক্রির জন্য তাদের কাছ থেকে সেটগুলোর আইএমইআই নম্বর পাল্টে নেন।

তবে ‘পরিচিত ও নিকটজন’ ছাড়া অন্য কারো মোবাইল সেটের আইএমইআই পরিবর্তনের কাজ তারা করেন না বলেও পুলিশকে জানিয়েছে।

গ্রেপ্তার রফিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, আই ফোন, নকিয়া ও এইচটিসি ব্র্যান্ডের মোবাইল সেট ছাড়া অন্য সেটের আইএমইআই তারা পরিবর্তন করতে পারে।

সফটওয়ারের মাধ্যমে আইএমইআই নম্বরগুলো পাল্টানো হয় উল্লেখ করে তিনি পুলিশকে জানান, কমদামের একটি মোবাইল সেটের আইএমইআই পরিবর্তন করতে ২০ থেকে ৩০ মিনিট আর দামি ব্র্যান্ডের মোবাইল ফোন সেটের আইএমইআই পাল্টাতে ৪ থেকে ৫ দিন পর্যন্ত সময় লাগে।

পুলিশ কর্মকর্তরা জানান, ঢাকায় চুরি যাওয়া অনেক দামি স্মার্ট ফোন চট্টগ্রামে নিয়ে আসা হয়। সেগুলোর আইএমইআই পাল্টে বাজারে বিক্রি করা হয়।

একাধিক গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের বেশকিছু তদন্তে মোবাইল ট্র্যাকিংয়ে এক আইএমইআই নম্বরের আটটি সেটের সন্ধান পাওয়ারও ঘটনা ঘটেছে। এক্ষেত্রে অনেক সময়ে মূল অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে।

নগরীর রেয়াজউদ্দিন বাজার এলাকার মোবাইল কারিগররা এ কাজের সঙ্গে জড়িত থাকার তথ্য পেলেও আগে তাদের সন্ধান পাওয়া যায়নি বলে জানান তারা।

পুলিশের দাবি, রফিক ও লিটন আইএমইআই পাল্টানোর কারিগরদের মধ্যে অন্যতম।

গ্রেপ্তার লিটন পুলিশকে জানান, সফটওয়ার ব্যবহারের পাশাপাশি সেটের ব্র্যান্ড অনুযায়ী তারা কিছু বিশেষ সিমসহ ‘দঙ্গল’ (বিশেষ ডিভাইস) ব্যবহার করে থাকেন। সে দঙ্গলগুলোর মাধ্যমে মূলত আইএমইআই পাল্টানোসহ বিভিন্ন কাজ করা হয়ে থাকে।

১৪ সংখ্যার একটি আইএমইআই নম্বর একই ব্র্যান্ডের একাধিক মোবাইল সেটে ব্যবহার করা যায় বলে গ্রেপ্তাররা পুলিশকে জানায়।

গোয়ন্দা পুলিশ কর্মকর্তা হুমায়ন বলেন, “বিভিন্ন চাঞ্চল্যকরা ঘটনায় অপরাধীরা তাদের সেটের আইএমই পাল্টে ফেললে তাদের ধরতে ধরতে পুলিশের অনেক বিড়ম্বনায় পড়তে হয়।

“এছাড়া জঙ্গিরাও এ ধরনের আইএমইআই পাল্টানো সেট ব্যবহার করতে পারে আশঙ্কা রয়েছে।”

এ ধরনের কাজে জড়িত থাকা আরও কয়েকজনের নাম পুলিশ পেয়েছে এবং তাদেরও ধরার প্রচেষ্টা চলছে বলে জানান হুমায়ন।