মেরামতের সময় কভার্ড ভ্যান উল্টে শ্রমিক নিহত
চট্টগ্রামে মেরামতের সময় উল্টে যাওয়া কভার্ড ভ্যানে চাপা পড়ে মারা গেছেন এক শ্রমিক।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টাইগার পাস মোড়ের কাছে রাস্তার পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানান খুলশী থানার এসআই মো. নুরুদ্দিন।
নিহত মো. জহির ওই কভার্ড ভ্যানের সহকারী বলে জানান তিনি। জহির খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার মো. মাহবুবের ছেলে।
এসআই নুরুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফুটো হয়ে যাওয়া চাকা মেরামত করছিলেন জহির।
“এ সময় কর্ভাড ভ্যানটি হঠাৎ উল্টে গেলে নিচে চাপা পড়েন তিনি।”
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ কভার্ড ভ্যানের নিচ থেকে জহিরের লাশ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উদ্ধার করে।
