বেতন পরিশোধের আশ্বাসের পর পাটকল শ্রমিকদের অবরোধ প্রত্যাহার
তিন সপ্তাহের বেতন ও ঈদ বোনাস পরিশোধের আশ্বাসের পর সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছে চট্টগ্রামের আমিন জুট মিলের শ্রমিকরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে মুরাদপুর-অক্সিজেন সড়কে মিল গেইটের সামনে অবরোধ করে রাখা শ্রমিকরা বেলা পৌনে ৪টার দিকে রাস্তা থেকে সরে যায়।
বায়েজিদ বোস্তামী থানার ওসি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিল কর্তৃপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও পুলিশের ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমিকদের তিন সপ্তাহের বেতন ও ঈদ বোনাস পরিশোধের আশ্বাস দেওয়া হয়।
এরপর শ্রমিকরা আন্দোলন থেকে সরে এসে কাজে যোগ দিয়েছে। বেলা পৌনে ৪টার দিকে তারা অবরোধ তুলে নেয়।
বেতন পরিশোধের আশ্বাস দেওয়ার পর কাজে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নুরুল আলম নামে মিলের স্পিনিং বিভাগে কর্মরত এক শ্রমিকও।
রাষ্ট্রায়ত্ত এই পাটকলে সপ্তাহ ভিত্তিতে পারিশ্রমিক পরিশোধ করা করা হয়।
ঈদের দুই দিন আগেও সাত সপ্তাহের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ না করায় মঙ্গলবার সকালে কারখানার বাইরে আন্দোলনে নামে শ্রমিকরা। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়িয়েছিল তারা।
সংঘর্ষের পর শ্রমিকরা মিলের সামনের সড়কে ফের অবরোধ শুরু করে, যাতে বিকাল ৪টা পর্যন্ত ওইপথে যানবাহন চলাচল বন্ধ থাকে।
এ সময় সড়কের ওপর কাঠ-টায়ার জড়ো করে আগুন দিতেও দেখা যায় শ্রমিকদের।
