‘অনুতপ্ত’ নাছির
চট্টগ্রামে জলাবদ্ধতায় ভোগান্তির জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন।
বৃহস্পতিবার নগরভবনের তৃতীয় তলায় সম্মেলন কক্ষে ‘মহেশখালের অস্থায়ী স্লুইস গেট অপসারণ ও স্থায়ী স্লুইস গেট নির্মাণ’ বিষয়ে এক বৈঠকে তিনি একথা বলেন।
নাছির বলেন, “গতকাল নগরবাসী যে কষ্ট-ভোগান্তির শিকার হয়েছেন এজন্য ব্যক্তিগত পক্ষ থেকে এবং সিটি করপোরেশনের পক্ষ থেকে আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি।
“আমি নিজেও প্রচণ্ডভাবে অনুতপ্ত। এটা কীভাবে সমাধান করা যায় তার জন্য অনেক আগে থেকে চেষ্টা করছি। এখন চেষ্টার পরিমাণটা আরও বৃদ্ধি পাবে। যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, তা আমরা নেব।”
দুই বছর আগে জলাবদ্ধতামুক্ত ‘স্বপ্নের মেগাসিটি’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা নাছির।
মঙ্গলবার ঘূর্ণিঝড়ের পর রাতভর বৃষ্টিতে তলিয়ে যায় চট্টগ্রাম নগরীর একাংশ। আগ্রাবাদের বিভিন্ন সড়কে জমে কোমর পানি, হাঁটু পানি ওঠে হাসপাতালেও।
এই পরিস্থিতিতে বুধবার নগরবাসীকে এবার কষ্ট স্বীকারের আহ্বান জানিয়ে আগামী বছর অনেক এলাকা জলাবদ্ধতামুক্ত করার আশ্বাস দেন নাছির।
পরদিন মেয়র হিসেবে নগরবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন তিনি।
“দীর্ঘদিনের সমস্যা হাজার আন্তরিকতা দিলেও রাতারাতি সমাধান সম্ভব না। প্রচলিত আইন, বিধি-বিধান মেনে আমাদের কাজ করতে হয়।”
জলাবদ্ধতা শুধু বাংলাদেশ বা চট্টগ্রামের সমস্যা নয় মন্তব্য করে মেয়র নাছির বলেন, “বোম্বে, শ্রীলঙ্কায়ও জলাবদ্ধতা হয়। এমনকি ব্যাংকক এয়ারপোর্টও বন্ধ ছিল জলাবদ্ধতায়।
“আপনাদের অনুরোধ করব পরিস্থিতি তুলে ধরুন। কিন্তু প্যানিক যেন তৈরি না হয়, কোনো প্রতিষ্ঠান যেন প্রশ্নবিদ্ধ না হয়। এক বিদেশি প্রতিনিধি দলকে বিনিয়োগ করতে বললাম। তারা বলল- বাংলাদেশ তো সারা বছর পানির নিচে থাকে, পত্রিকার দেখেছি।”
“নালা পরিষ্কার করলেই কি জলাবদ্ধতা শেষ হবে? জনগণ খালটা ভরাট করছে, জনগণকে সচেতন করুন। যত্রতত্র যখন তখন ময়লা ফেলেন কি না? খালে-নালায়-রাস্তায় ময়লা ফেললে করপোরেশন কী করবে?”
সিটি করপোরেশনের এস্টেট বিভাগের মাধ্যমে আরএস (রয়েল সার্ভে) অনুসারে সব খালের সীমানা নির্ধারণ করা হবে বলে জানান নাছির।
“এরপর ম্যাসিভ উচ্ছেদে যাব। খালগুলো পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করব। খাল খনন করে গভীরতা বাড়াব।”
