ঝড়ের পর বর্ষণে থৈ থৈ চট্টগ্রাম
ঘূর্ণিঝড় মোরার প্রভাবে টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে জলজট; অনেক জায়গায় নৌকা নিয়েও চলাচল করতে দেখা গেছে।
গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর মঙ্গলবার ভোরে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করে প্রবল ঘূর্ণিঝড় মোরা। এরপর তা বৃষ্টি ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয় এবং চট্টগ্রামের ওপর দিয়ে বাংলাদেশ অঞ্চল পেরিয়ে ভারতে চলে যায়।
এই ঝড়ের প্রভাবে চট্টগ্রামে মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে ভারি ও মাঝারি ধরনের বৃষ্টি হতে থাকে। সন্ধ্যার পর থেকে টানা বৃষ্টি শুরু হয় এবং গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত চলে ভারি বর্ষণ।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় চট্টগ্রামে ২২৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে রাতে নদীতে জোয়ার থাকায় বৃষ্টির পানি নামতে না পেরে নগরীর ষোলশহর, আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, বহদ্দারহাট, বাকলিয়া, আরাকান সড়কের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। সকালে বাসা থেকে বেরিয়েই কোথাও হাঁটু, কোথাও কোমর পানিতে ডুবে থাকতে দেখেন নিম্নাঞ্চলের বাসিন্দারা।
এই পরিস্থিতিতে সকালে অফিসগামী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। জলজটের কারণে বিভিন্ন সড়কে তৈরি হয় যানজট। তবে বেলা বাড়ার পর পানি ধীরে ধীরে কমতে থাকে।
রাস্তায় যানজট থাকার পাশাপাশি সুযোগ বুঝে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে বিভিন্ন সড়কে ফ্লাইওভারের কাজ চলায় এবং ওয়াসার মেরামত কাজের জন্য রাস্তা কাটা থাকায় আরাকান সড়কের বিভিন্ন স্থানেও পানি জমে গেছে।
“কাপ্তাই রাস্তার মাথা থেকে বহদ্দারহাট বাস টার্মিনাল পর্যন্ত এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় আজ আসতে খুব সমস্যা হয়েছে।”
আরাকান সড়কের বিভিন্ন অংশে রাস্তা কাটার কারণে পানি ওঠার পাশাপাশি যানজট বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
চট্টগ্রাম কর অঞ্চলের সহকারী কমিশনার রাশেদ রেজা ডিকেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিডিএ ১, ২৩ ও ২৮ নম্বরে বুক পর্যন্ত পানি জমে আছে রাস্তায়। স্থানীয় বাসিন্দাদের অনেকের বাড়ির সীমানাতেও পানি ঢুকেছে।
চট্টগ্রামের বন্দর থানা ও ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের প্রাঙ্গণেও সকালে পানি ওঠে বলে দায়িত্বরত কর্মকর্তরা জানান।
সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিস এলাকায় পানি সরে গেলেও বেলা ১২টা পর্যন্ত বন্দর থানা প্রাঙ্গণে পানি ছিল।
