২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই ক্ষেত্রেই এগিয়ে মেয়েরা

মাধ্যমিকের ফলাফলে চট্টগ্রাম বোর্ডে এবছর ছেলেদের চেয়ে এগিয়ে গেছে মেয়েরা; পাসের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2017, 07:39 PM

Updated : 11 Oct 2022, 01:57 PM

পুরনো খবর:

চট্টগ্রামে পাসের হার নামিয়েছে গণিত-ইংরেজির ফল
চট্টগ্রামে পাসের হার ৮৩.৯৯%

গত বছর ছেলেরা এগিয়ে থাকলেও এবার বিপরীত চিত্র দেখা গেছে। এবছর সামগ্রিকভাবে পাসের হার কমলেও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে মেয়েদের সংখ্যা বেড়েছে। 

এবছর চট্টগ্রাম বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ১৭ হাজার ৮৯৭ জন শিক্ষার্থীর মধ্যে মেয়েদের সংখ্যা ছিল ৬২ হাজার ৪১২ জন, ছেলেদের সংখ্যা ছিল ৫৫ হাজার ৪৮৫ জন।

বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, মেয়েদের পাসের হার ৮৪ শতাংশ আর ছেলেদের ৮৩ দশমিক ৯৮ শতাংশ। গত বছর ছিল যথাক্রমে ৮৯ দশমিক ৯৯ ও ৯০ দশমিক ৯৭ শতাংশ।

৮ হাজার ৩৪৪ জন জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে মেয়েদের সংখ্যা ৪ হাজার ২৯১ জন ও ছাত্র সংখ্যা ৪ হাজার ৫৩ জন। গত বছর ৪ হাজার ১১৯ ছাত্রী জিপিএ-৫ পেয়েছিল।

বিভাগওয়ারি ফল বিশ্লেষণেও দেখা যায়, বিজ্ঞান বিভাগে ছেলেরা দশমিক ০৪ শতাংশ পয়েন্ট এগিয়ে থাকলেও মানবিকে মেয়েরা ৫ দশমিক ২৩ শতাংশ ও ব্যবসায় শিক্ষায় ৪ দশমিক ২৪ শতাংশ পয়েন্ট এগিয়ে আছে।

বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়াদের মধ্যে ছেলেরা এগিয়ে থাকলেও গত বছরের তুলনায় এবছর মেয়েদের সংখ্যা বেড়েছে।

গত বছর বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ প্রাপ্ত মেয়েদের সংখ্যা ছিল ৩ হাজার ১৪২ জন এবং তা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬১৪ জন।

মানবিকে জিপিএ-৫ পেয়েছে ছেলেদের মধ্যে ১০ জন আর মেয়েদের ৩৩ জন। আর ব্যবসায় শিক্ষায় ৬৪৪ জন ছাত্রী এবং ২২৪ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।