চট্টগ্রামে পাসের হার নামিয়েছে গণিত-ইংরেজির ফল
গণিত ও ইংরেজিতে শিক্ষার্থীদের পাসের হার কমে যাওয়া চট্টগ্রাম বোর্ডের এ বছরের এসএসসি পরীক্ষার সামগ্রিক ফলাফলে প্রভাব ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই দুটি বিষয়ে ফল খারাপ হওয়ার কারণ হিসেবে নগরীর বাইরে মফস্বল ও গ্রামে ভালো শিক্ষক না থাকাকে কারণ দেখাচ্ছেন তারা।
বৃহস্পতিবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার সামগ্রিক পাসের হার ৭ শতাংশ পয়েন্ট কমেছে, যার জন্য নতুন পদ্ধতিতে খাতা মূল্যায়নকে কারণ দেখিয়েছেন শিক্ষামন্ত্রী।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডেও পাসের হার কমেছে প্রায় ৭ শতাংশ পয়েন্ট। গতবছর ৯০ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করলেও এবারে তা নেমেছে ৮৩ দশমিক ৯৯ শতাংশে।
পরীক্ষার ফলাফল ঘোষণার পর চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান সাংবাদিকদের বলেন, “ইংরেজি ও গণিতে পাসের হার গত বছরের চেয়ে কমে যাওয়ায় তা ফলাফলে প্রভাব ফেলেছে।”
তিনি জানান, গত বছর ইংরেজিতে ৯৭ দশমিক ৬১ ও গণিতে ৯৬ দশমিক ৮১ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। এবার তা কমে হয়েছে যথাক্রমে ৯৪ দশমিক ৬১ শতাংশ ও ৯১ দশমিক ৭৭ শতাংশ।
গণিত ও ইংরেজি ছাড়া চট্টগ্রাম বোর্ডে এবছর পদার্থ বিদ্যায় ৯৭ দশমিক ৬৪, রসায়নে ৯৪ দশমিক ৭২, উচ্চতর গণিতে ৯৮ দশমিক ৯১, হিসাব বিজ্ঞানে ৯৭ দশমিক ৫১, সাধারণ বিজ্ঞানে ৯৭ দশমিক ০৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
চট্টগ্রাম বোর্ডের ফল বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রাম মহানগরে এবছর পাসের কমেছে গত বছরের চেয়ে ৩ দশমিক ৩২ শতাংশ পয়েন্ট। আর জেলার বিভিন্ন উপজেলায় সামগ্রিক পাসের হার কমেছে ৬ দশমিক ০১ শতাংশ পয়েন্ট।
পাসের হার সবচেয়ে বেশি কমেছে পার্বত্য রাঙামাটি জেলায়। এ জেলায় এবছর পাস করেছে ৬৩ দশমিক ৫১ শতাংশ শিক্ষার্থী, যা গতবছর ছিল ৮৪ শতাংশ।
পার্বত্য অন্য দুই জেলা খাগড়ছড়িতে পাসের হার ১৬ দশমিক ১১ শতাংশ পয়েন্ট এবং বান্দরবানে ৩ দশমিক ০৪ শতাংশ পয়েন্ট কমেছে।
চট্টগ্রাম মহানগরের বাইরে যত দূরে গেছে পাসের হার ততই কমেছে জানিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব বলেন, মফস্বল ও পার্বত্য অঞ্চলগুলোতে পাসের হার কমে যাওয়ার প্রভাব পড়েছে ফলাফলে।
“প্রত্যন্ত অঞ্চলগুলোতে ইংরেজি ও গণিতের ভালো শিক্ষক পাওয়া যায় না। যার কারণে অনগ্রসর এসব এলাকার ফলাফল বিপর্যয় হয়েছে।”
গত বছর শিক্ষার্থীরা ৪০ নম্বর নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দিলেও এবার তা কমিয়ে করা হয়েছে ৩০ নম্বর। এটাও ফলাফল খারাপের একটি কারণ মনে করছেন সংশ্লিষ্টরা।
এসএসসিতে এবছর চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৮৯৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৯৯ হাজার ২২ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৩৪৪ জন।
গতবার ১ লাখ ১৩ হাজার ৭০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছিল ১ লাখ ২ হাজার ২৬৪ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৮ হাজার ৫০২ জন।
