সাতকানিয়ার নুরুল আবসার হত্যা মামলায় অধিকতর তদন্তের নির্দেশ
ছয় বছর আগে খুন হওয়া চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার হত্যা মামলায় পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদনের বিষয়ে বাদীর নারাজি গ্রহণ করে অধিকতর তদন্তের নির্দেশে দিয়েছে আদালত।
মামলার বাদী নিহতের বাবা আহমদ হোসেনের করা রিভিশনের শুনানি শেষে চট্টগ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ সিরাজদ্দৌলা কুতু্বী বুধবার এ আদেশ দেন।
বাদীর আইনজীবী জাফর ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত প্রতিবেদনে ছয় আসামিকে অব্যাহতির সুপারিশ করায় অধিকতর তদন্ত চেয়ে নারাজি আবেদন করেছিলেন বাদী।
“সেই নারাজি আবেদন খারিজ হয়ে যাওয়ায় রিভিশন আবেদন করেছিলেন। শুনানি শেষে আজ ওই রিভিশন মঞ্জুর করেছেন আদালত। এখন মামলাটিতে অধিকতর তদন্ত হতে আর কোনো বাধা নেই।”
আইনজীবী জাফর ইকবাল বলেন, নিয়ম অনুযায়ী ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির নিয়মিত কার্যক্রম চলবে। সেই আদালতই নির্দেশ দেবেন অধিকতর তদন্ত কোন সংস্থা করবে।
২০১১ সালের ২৬ ডিসেম্বর রাতে নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছারকে গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনায় পরদিন ২৭ ডিসেম্বর নুরুল আবছারের বাবা আহমদ হোসেন বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
শুরুতে এসআই মহিউদ্দিন ও পরে সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম মামলাটির তদন্ত করেন।
পরে সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার হ্লা চিং প্রু তদন্তের দায়িত্ব পান। তিনি ২০১৩ সালের ১০ জুলাই এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেন।
আদালতে দেওয়া অভিযোগপত্রে ছয় আসামিকে অব্যাহতির সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা।
ওই ছয়জন হলেন- সাতকানিয়া উপজেলার সেসময়ের চেয়ারম্যান আবদুল মোনাফ, ইউপি চেয়ারম্যান প্রার্থী ওসমান গণি চৌধুরী, আবু তাহের, শওকত আলী, এনামুল হক এনাম ও সরওয়ার সালাম।
নুরুল আবছার হত্যার পর ২০১২ সালের ১৯ জানুয়ারি সংবাদ সম্মেলন করে হত্যাকাণ্ডে আবদুল মোনাফ চেয়ারম্যান জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন বাদী আহমদ হোসেন।
ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং স্থানীয় জাফর আহম্মেদ কলেজের শিক্ষক নুরুল আবছার খুনের পর পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছিল।
তাদের মধ্যে তদন্ত প্রতিবেদনে অব্যাহতির সুপারিশ করা ওসমান গণি চৌধুরী, আবু তাহের, শওকত আলী, এনামুল হক এনামও ছিলেন।
সিআইডির দেওয়া তদন্ত প্রতিবেদনে আপত্তি জানিয়ে বাদী নারাজি আবেদন করলে ২০১৪ সালের ২৭ জানুয়ারি তা খারিজ করে দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান নাসরিন।
নারাজি নামঞ্জুর হওয়ার পর অধিকতর তদন্ত চেয়ে রিভিশন আবেদন করেছিলেন মামলার বাদী আহমদ হোসেন।
