চট্টগ্রাম, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়ায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহত মো. নুরুল আবছার নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি স্থানীয় জাফর আহম্মেদ কলেজে শিক্ষকতা করতেন এবং যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন।
সাতকানিয়া থানার ওসি মো. খালেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত আড়াইটার দিকে আবছারকে তাকে হত্যা করা হয়।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি বলেন, “রাতে বাইরে শব্দ পেয়ে ঘর থেকে বারান্দায় বের হন আবছার। এ সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান ইউপি চেয়ারম্যান।”
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সকালে ঘটনাস্থলে যান। এ ঘটনায় একটি মামলা হবে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/০৯১৪ ঘ.
bdnews24