২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাজার লুটের মামলার বিচারে আদালত নির্ধারণ

র‍্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে আনোয়ারা উপজেলার তালসরা দরবার শরিফের টাকা লুটের ঘটনায় করা মামলায় অপরাধ আমলে নিয়ে বিচারের জন্য আদালত নির্ধারণ করে দিয়েছে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2017, 08:26 PM

Updated : 19 Aug 2022, 04:15 PM

মামলাটির পরবর্তী কার্যক্রম চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূরে আলম ভূইয়ার আদালতে পরিচালিত হবে।

বুধবার চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন চৌধুরী এ আদেশ দেন।

জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আ ক ম সিরাজুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত মামলাটি পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বদলি করেছেন।

“অভিযোগ গঠনসহ পরবর্তী বিচারিক কার্যক্রম ওই আদালতেই হবে।”

Image
দরবার লুটের আসামি র‌্যাব কর্মকর্তা জুলফিকার আলী মজুমদার জামিনে মুক্ত

দরবার লুটের আসামি র‌্যাব কর্মকর্তা জুলফিকার আলী মজুমদার জামিনে মুক্ত

বাদীপক্ষের আইনজীবী সাহাবুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগপত্রে সাত আসামির বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ আনা হয়েছে, তা আমলে নিয়ে বিচারের জন্য আদালত নির্ধারণ করে দিয়েছেন বিচারক।

“পরের শুনানির দিন মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।”

তালসরা দরবারের পীরের গাড়িচালক মো. ইদ্রিসের মামলার অভিযোগে বলা হয়, “জুলফিকার আলী মজুমদারের নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে দরবার শরীফে রাখা আলমারি ভেঙে দুই কোটি সাত হাজার টাকা নিয়ে যায়।”

২০১২ সালের ২৬ জুলাই এ মামলায় অভিযোগপত্র দেওয়া হলেও মামলা বাতিল চেয়ে দুই আসামির হাই কোর্টে করা আবেদনের কারণে শেষ চার বছরেও অভিযোগ গঠন হয়নি।

আসামিরা হলেন- র‌্যাব-৭ এর সেসময়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (চাকরিচ্যুত) জুলফিকার আলী মজুমদার, ফ্লাইট লেফটেন্যান্ট (চাকরিচ্যুত) শেখ মাহমুদুল হাসান, র‌্যাব-৭ এর সাবেক ডিএডি আবুল বাশার, এসআই তরুণ কুমার বসু, র‌্যাবের তিন সোর্স দিদারুল আলম ওরফে দিদার, আনোয়ার মিয়া ও মানব বড়ুয়া।

২০১১ সালের ৪ নভেম্বর মাজারটিতে র‌্যাব সদস্যরা গিয়ে তল্লাশির নামে ২ কোটি ৭ হাজার টাকা লুটের অভিযোগে ২০১২ সালের ১৩ মার্চ আনোয়ারা থানায় র‌্যাবের ১২ সদস্যের বিরুদ্ধে মামলাটি হয়।

ওই দিন দরবার শরীফ থেকে মিয়ানমারের পাঁচ নাগরিককে র‌্যাব সদস্যরা আটক করে। তাদের থানায় হস্তান্তর করা হলেও টাকার বিষয়ে কোনো কিছুই উল্লেখ করেনি র‌্যাব।

এ ঘটনা পরে জানাজানি হলে র‌্যাব সদর দপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের প্রাথমিক পর্যায়ে টাকা লুটের ঘটনায় র‌্যাব সদস্যদের জড়িত থাকার বিষয়টি ধরা পড়ে।

অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ আসার পর তাদের স্ব স্ব বাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়, যাদের মধ্যে র‌্যাব-৭ এর তৎকালীন অধিনায়ক জুলফিকারও ছিলেন।

২০১২ সালের মে মাসের প্রথম সপ্তাহে ঢাকার মগবাজার থেকে গ্রেপ্তার হন জুলফিকার। তবে ২১ জুন উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মুক্ত হন তিনি।

এরপর ওই বছরের ২৬ জুলাই জুলফিকারসহ সাত জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা আবদুস সামাদ।

এরপর থেকে মামলার অভিযোগপত্র সংশ্লিষ্ট জিআরও শাখায় জমা ছিল।

মামলার অন্যতম আসামি মাহমুদুল হাসানের বিষয়ে বিভাগীয় তদন্ত করতে চট্টগ্রামে গিয়ে ২০১২ সালে মৃত্যু হয় বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মামুনুর রশীদের। একটি হোটেল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

২০১২ সালেই মামলা বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন করেন জুলফিকার ও মাহমুদুল হাসান। ২০১৫ সালের ১১ মার্চ জুলফিকারের করা রুল আবেদনটি হাই কোর্টে বাতিল হয়ে যায়।

সর্বশেষ গত বছরের ১৮ অগাস্ট মাহমুদুল হাসানের পক্ষে আবেদনটি না চালানোর কথা জানানো হলে সেটিও বাতিল করে দেয় হাই কোর্ট।

হাই কোর্টের ওই আদেশ চট্টগ্রাম আদালতে এসে পৌঁছালে গত বছরের ১৬ অক্টোবর চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সার ওই মামলার অভিযোগপত্রসহ নথি বিচারিক আদালতে স্থানান্তরের আদেশ দেন। শুনানির জন‌্য ২৯ নভেম্বর দিনও ঠিক করে দেন তিনি।

কিন্তু জেলা ও দায়রা জজ আদালতে বিচারক না থাকায় গত ২৯ নভেম্বর শুনানি হয়নি। তখন আদালতটির ভারপ্রাপ্ত বিচারক ৬ এপ্রিল সময় নির্ধারণ করেন।

পুরনো খবর:

মাজার লুট: ৪ বছর পর মামলা বিচার শুরুর জন্য প্রস্তুত
দরবার লুটের আসামি র‌্যাব কর্মকর্তা জামিনে মুক্ত