২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরের পরাজিত শক্তির প্রতিনিধি খালেদা জিয়া: মহিউদ্দিন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একাত্তরের পরাজিত শক্তির প্রতিনিধিত্ব করছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি ও মুক্তিযোদ্ধা এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2017, 11:05 PM

Updated : 19 Aug 2022, 04:08 PM

শনিবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গণহত্যা দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের সমাবেশে তিনি একথা বলেন।

মহিউদ্দিন চৌধুরী বলেন, ২৫ মার্চ মধ্য রাতে পাকিস্তানি সেনাবাহিনী ‘অপারেশন সার্চ লাইটের’ মাধ্যমে পৃথিবীর সবচেয়ে বর্বরতম গণহত্যা সংঘটিত করে।

“মার্কিন সাংবাদিকদের রিপোর্ট অনুযায়ী শুধু ঢাকায় ওই রাতে সাত হাজার নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়। পরের বছর পাকিস্তানি গোয়েন্দা বাহিনীর এক গোপন প্রতিবেদনে এক লাখ বাঙালি হত্যার কথা উল্লেখ করা হয়।”

মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বলেন, অথচ খালেদা জিয়া অবিরামভাবে গণহত্যা ও ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে যাচ্ছেন।

“এর অর্থ বেগম জিয়া একাত্তরের পরাজিত শক্তির প্রতিনিধত্ব করছেন এবং বাঙালি জাতিসত্ত্বা ধ্বংসের লক্ষ্যে কাজ করছেন।”

সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, “বেগম জিয়া পঁচাত্তর পরবর্তী সময়ের গণহত্যার নেতৃত্ব দিচ্ছেন। মানুষকে পেট্রোল বোমায় হত্যা করে আগুনে সন্ত্রাসীর প্রথম প্রাপ্তি অর্জন করেছেন।

“অথচ শেখ হাসিনা বিশ্বশান্তি, প্রগতি ও সমৃদ্ধির নতুন নতুন দ্বার উন্মোচন করছেন। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় থাকতেই হবে। তা না হলে জাতীয় অস্তিত্ব, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে।”

নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নগর কমিটির সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নঈমউদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, কোষাধ্যক্ষ ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, শ্রমিক লীগ সভাপতি বখতেয়ার উদ্দিন খান, সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলি, নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।