২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জঙ্গি আস্তানা’: মিরসরাইয়ের বাড়ির মালিক রিমান্ডে

চট্টগ্রামের মিরসরাইয়ে ‘জঙ্গি আস্তানার’ সন্ধান ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার বাড়ির মালিক রিদওয়ানুল হককে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2017, 07:42 PM

Updated : 11 Apr 2022, 11:11 PM

চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়ছার মঙ্গলবার এ আদেশ দেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক মশিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বাড়ির মালিক রিদওয়ানুল হককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে।

“আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ডের অনুমতি দেন।”

গত ৭ মার্চ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চান্দিনায় গাড়ি তল্লাশির সময় পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে পালানোর সময় দুইজনকে আটক করে পুলিশ।

পরে তাদের দেওয়া তথ্যে গভীর রাতে চট্টগ্রামের মিরসরাই পৌরসভার ‘রিদওয়ান মঞ্জিল’ নামে একটি ভবনে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট’। বাসাটি থেকে বেশকিছু বিস্ফোরক, বোমা ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বাড়িটি ব্যবসায়ী পরিচয় দিয়ে মাহমুদুল হাসান নামে এক ব্যক্তি ভাড়া নিয়েছিলেন বলে বাড়ি মালিক রিদওয়ানুল দাবি করেছিলেন।

বোমা ও বিস্ফোরক উদ্ধারের পর বুধবার জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিককে আটক করে পুলিশ।

পরে এ ঘটনায় ওইদিন রাতে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের এসআই শহীদুল বশর বাদী হয়ে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার দুইজনসহ মোট ১০ জনকে আসামি করে মিরসরাই থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। সেই মামলায় রিদওয়ানুলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

বাড়ির মালিক রিদওয়ানুল স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।

পুরনো খবর:

‘জঙ্গি আস্তানা’: বাড়ির মালিক রিদওয়ানুল কারাগারে
জঙ্গি আস্তানা: মিরসরাইয়ের মামলায় আসামি ৮
কুমিল্লায় গ্রেপ্তার জঙ্গি নিয়ে অভিযান মিরসরাইয়ে, বোমা-চাপাতি উদ্ধার