২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্বর্ণ চোরাচালান মামলায় শুল্ক কর্মকর্তার আত্মসমর্পণ

চট্টগ্রামে স্বর্ণ চোরাচালান মামলার আসামি এক শুল্ক কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2017, 03:45 PM

Updated : 11 Apr 2022, 11:08 PM

আনিসুর রহমান নামের ওই সহকারী রাজস্ব কর্মকর্তা মঙ্গলবার মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক মো. শাহে নূর তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চার বছর আগের এ মামলার অভিযোগপত্রভুক্ত আসামি আনিসুর।

মামলার অপর ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে দুদকের আইনজীবী জানান।

এই ছয়জন হলেন- চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবস্থাপকের সাবেক ব্যক্তিগত সহকারী মোমেন মোকশেদ, আনসারের সহকারী প্লাটুন কমাণ্ডার ইলিয়াস উদ্দিন, বিমানের ট্রাফিক হেলপার কে এম নুরুদ্দিন, আনসার সদস্য মাহফুজার রহমান ও শাহিন মিয়া এবং দুবাই প্রবাসী আলাউদ্দিন চৌধুরী।

আগামী ১৩ মার্চ এ মামলার শুনানির পরবর্তী তারিখ রেখেছে আদালত।

মামলার এজাহারে বলা হয়, ২০১৩ সালের ১ নভেম্বর দুবাই থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে আসেন আলাউদ্দিন চৌধুরী। লাগেজ হারিয়ে গেছে বলে অভিযোগ জানিয়ে ওইদিন তিনি বিমানবন্দর ত্যাগ করেন।

পরদিন বিমান বন্দরের ‘হারানো ও প্রাপ্তি’ শাখায় আলাউদ্দিনকে নিয়ে হাজির হন তখনকার ব্যবস্থাপকের ব্যক্তিগত সহকারী মোমেন মোকশেদ।

তারা লাগেজটি ‘নিয়ম বর্হিভূতভাবে’ ছাড় করাতে চাইলে স্ক্যান করে তাতে ২৫টি সোনার বার পাওয়া যায় এবং ‘বিপদ বুঝতে পেরে’ ওই দুইজন সেদিন সটকে পড়েন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ২০১৩ সালের ৩১ ডিসেম্বর নগরীর পতেঙ্গা থানায় স্বর্ণ চোরাচালানের অভিযোগে এই মামলা করা হয়।

তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক এইচএম আখতারুজ্জামান ২০১৬ সালের ১৬ জুন সাতজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।

সেখানে ‘স্বর্ণ পাচারকারীকে বাঁচাতে’ মিথ্যা জব্দ তালিকা তৈরি এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়ার অভিযোগ আনা হয় আনিসুরের বিরুদ্ধে।