বন্দরে আটক কন্টেইনারে ১৩৪ কোটি টাকার পণ্য
মিথ্যা ঘোষণার মাধ্যমে চট্টগ্রাম বন্দরে আনা দুই চালানের ১২টি কন্টেইনারে প্রায় ১৩৪ কোটি টাকা মূল্যের সিগারেট, টেলিভিশন, ফটোকপিয়ার ও মদের সন্ধান মিলেছে।
এর মধ্যে সিগারেটের পরিমাণ বেশি, বাজারমূল্যে যা প্রায় ৭৪ কোটি টাকার। এছাড়া বাজারমূল্যে ৪৫ কোটি টাকার টেলিভিশন, ১৭ কোটি টাকার মদ এবং প্রায় পৌনে তিন কোটি টাকার ফটোকপি মেশিন রয়েছে।
সোমবার ও রোববার পর্যায়ক্রমে সবগুলো কন্টেইনার খুলে এসব পণ্য যাচাইয়ের পর তালিকা করে এ তথ্য জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শুল্কসহ এসব পণ্যের বাজার মূল্য প্রায় ১৩৪ কোটি টাকা বলে শুল্ক গোয়েন্দারা জানান। এরমধ্যে সিগারেট ও মদের শুল্ক প্রায় ৬০০ শতাংশ।
আটক পণ্যের মধ্যে ৯০ ইঞ্চি মাপের আধুনিক মডেলের টেলিভিশন এবং সম্পূর্ণ আমদানি নিষিদ্ধ পুরনো ফটোকপি মেশিনও আছে।
“এতে প্রায় ১৩৪ কোটি টাকা মূল্যের পণ্য পাওয়া গেছে। চোরাচালান চক্রটি চালান খালাসের জন্য সব চেষ্টাই করেছে। আমাদের কঠোর নজরদারির কারণে সফল হতে পারেনি।”
বেনসন অ্যান্ড হেজেস, ইজি, মন্ড, জো ব্ল্যাক এবং ইজেক্স ব্র্যান্ডের সিগারেট ছিল কন্টেইনারে। টিভি ছিল স্যামসং, সনি, শার্প ও প্যানাসনিক ব্র্যান্ডের।
মিলেছে আমদানি নিষিদ্ধ পুরনো তোসিবা ও স্যামসং ব্র্যান্ডের ২৮১টি ফটোকপি মেশিন, যার বাজার মূল্য দুই কোটি ৭১ লাখ টাকা।
