‘লাভ বেশি বলে’ ঝোঁক সিগারেটে
ঝুঁকি কম হলেও লাভ বেশি বলে চোরাকারবারিরা মিথ্যা ঘোষণা দিয়ে সিগারেট আনার দিকে ঝুঁকছে বলে মনে করছেন শুল্ক গোয়েন্দারা।
রোববার চট্টগ্রাম বন্দরে এরকম একটি চালান আটক এবং একই আমদানিকারকের গত এক বছরের কর্মকাণ্ড বিশ্লেষণ করে এই ধারণা তাদের।
পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল এলসির (শিল্পখাতের ঋণপত্র) মাধ্যমে ব্যবসায়ীদের জন্য দেওয়া সুযোগের ‘অপব্যবহার’ করে এক শ্রেণির চোরাকারবারি মুনাফা লুটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পোল্ট্রি ফিড কারখানার জন্য মূলধনী যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারিজ) আমদানির ঘোষণা দিয়ে আনা ছয়টি কন্টেইনার খুলে বিপুল পরিমাণ সিগারেট, এলইডি টিভি এবং মদ পেয়েছেন শুল্ক গোয়েন্দারা।
একই আমদানিকারকের অন্য একটি প্রতিষ্ঠানের নামে আনা আরেক চালানের ছয়টি কন্টেইনার খোলা হবে সোমবার।
রোববার সকালে শুরুতে তিনটি এবং দুপুরে আরও তিনটি ৪০ ফুট কনটেইনার খোলা হয় সংবাদকর্মীদের উপস্থিতিতে।
এরমধ্যে একটি কনটেইনারে দুই কোটি শলাকারও বেশি বিদেশি বেনসন অ্যান্ড হেজেস এবং ইজেক্স ব্র্যান্ডের সিগারেট পাওয়া গেছে, যার আনুমানিক বাজার মূল্য ৪০ কোটি টাকা।
এছাড়া দুটি কনটেইনারে এলইডি টিভি ও সিগারেট আছে।
দুপুরে খোলা তিনটি কনটেইনারের মধ্যে একটিতে ৮০ শতাংশ সিগারেট ও ২০ শতাংশ টেলিভিশন, একটিতে শতভাগ টেলিভিশন এবং শেষেরটির সামনের অংশে টেলিভিশন পাওয়া গেছে।
ছয়টির মধ্যে একটি কনটেইনারে ব্ল্যাক লেবেল, ভ্যালেন্টাইনস, রয়েল স্যালুট এবং সিবাস রিগ্যাল ব্র্যান্ডের মদ পাওয়া গেছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১২টি কনটেইনারে প্রায় ১০০ কোটি টাকার পণ্য আছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করেছিলাম।
“একটি কনটেইনারের সব পণ্য গণনার পর এখন মনে হচ্ছে পণ্যের বাজার মূল্য আরও বেশি হতে পারে। বড় একটি জালিয়াত চক্র এই চোরাচালানের চেষ্টা করেছে বলেই ধারণা করছি।”
শুল্ক কর্মকর্তা মইনুল খান আটক এই চালানকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় চালান দাবি করে বলেন, “এখন ক্রিমিনাল গ্রুপগুলো অস্ত্র আনে না। সবচেয়ে বেশি লাভ সিগারেটে।
“সিগারেটে প্রায় ১৩০০ শতাংশ পর্যন্ত লাভ হয়। স্বর্ণ চোরাচালানেও এত লাভ হয় না। সিগারেট চোরাকারবারের সাজা সর্বনিম্ন। মাদক ও অস্ত্র চোরাচালানে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড পর্যন্ত।”
শুল্ক গোয়েন্দাদের বিশ্বব্যাপী নেটওয়ার্কে তথ্য আদান-প্রদান করে জানিয়ে তিনি বলেন, এখন চোরাকারবারিরা সিগারেটের দিকেই ঝুঁকছে।
সিগারেট আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে পাঁচশ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হয় বলে কাস্টমস কর্মকর্তারা জানান। ক্যাপিটাল মেশিনারিজে আমদানি শুল্ক মাত্র এক শতাংশ।
এক বছরে ৭১ কন্টেইনার পণ্য আমদানি
চট্টগ্রাম বন্দরে শুল্ক গোয়েন্দাদের হাতে দুই চালানে আটক ১২টি কন্টেইনারের আমদানিকারক খোরশেদ আলম নামের এক ব্যবসায়ী।
গত বুধবার থেকেই তিনি গা ঢাকা দিয়েছেন। তার ঢাকার খিলক্ষেত ও কেরানীগঞ্জের দুটি ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানায় চালান দুটি আনা হয়।
খোরশেদ আলমের বিষয়ে শুল্ক কর্মকর্তা মইনুল খান বলেন, “গত এক বছরেরও কম সময়ে তিনি ৭১ কনটেইনার পণ্য বন্দর থেকে ছাড় করিয়েছেন। সেগুলোতে কী ছিল, কীভাবে এল, কোথায় গেল, তা তদন্ত করে দেখতে হবে।
“আটক দুটি চালানের জন্যই তিনি আলাদা প্রতিষ্ঠানের নাম, আইএফআইসি ব্যাংকে দুটি শাখার আলাদা এলসিসহ সবকিছু পৃথকভাবে করেছেন। যাতে কারও সন্দেহ না হয়। অনুসন্ধানে আমরা বের করেছি দুটিই তার প্রতিষ্ঠান।”
মইনুল খান বলেন, “ব্যাংক আমাদের জানিয়েছে খোরশেদ আলমকে তারা ভালো ব্যবসায়ী হিসেবেই জানতেন। তার লেনদেন নিয়মিত এবং তিনি সবসময় নগদে লেনদেন করতেন।”
রোববার খোলা কনটেইনারগুলো ৩ মার্চ বন্দরের জেটিতে নামানো হয়। এগুলো বহনকারী জাহাজটি গত ২৮ ফেব্রুয়ারি বহির্নোঙ্গরে আসে।
শুল্ক গোয়েন্দাদের তৎপরতা টের পেয়ে এসব কনটেইনার জেটিতে না নামিয়ে ফিরিয়ে নেওয়ারও চেষ্টা হয়েছিল। এজন্য করা আবেদন চট্টগ্রাম কাস্টমস বাতিল করে দেয়।
এই দুই চালানের সিঅ্যান্ডএফ জালাল উদ্দিনেরও হদিস পাননি শুল্ক গোয়েন্দারা।
চট্টগ্রাম কাস্টমসের কমিশনার এ এফ এম আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, “এই আমদানিকারক কীভাবে ইন্ডাস্ট্রিয়াল এলসি ব্যবহার করলেন, সেটা জানতে হবে। এক্ষেত্রে ব্যাংককে আরও কঠোর হতে হবে।
“ক্যামোফ্লেজ করে ফাঁকি দেওয়ার সব কৌশল অবলম্বন করা হয়েছিল। রেভিনিউ অফিসার পর্যন্ত শুল্কায়নও হয়ে গিয়েছিল। এটা একটা নতুন অভিজ্ঞতা।”
তিনি বলেন, কর্মাশিয়াল এলসির ক্ষেত্রে আমরা নজরদারিতে জোর দেই। ইন্ডাস্ট্রিয়াল এলসির বিষয়ে আমাদের নতুন করে ভাবতে হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিঅ্যান্ডএফ এজেন্টের সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ ছিল। তদন্ত শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
