মিথ্যা ঘোষণায় কনটেইনারে বিদেশি সিগারেট, এলইডি টিভি
চট্টগ্রাম বন্দরে পোল্ট্রি ফিড কারখানার যন্ত্রপাতির নামে আনা ছয়টি কনটেইনার খুলে পাওয়া গেছে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও এলইডি টিভি।
রোববার চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খানের উপস্থিতিতে সংবাদকর্মীদের সামনেই কনটেইনারগুলো খোলা হয়।
মইনুল খান বলেন, ঘোষণা অনুযায়ী কনটেইনার ছয়টিতে পোল্ট্রি ফিডের মূলধনী যন্ত্রপাতি থাকার কথা ছিল।
“পোল্ট্রি ফিডের মূলধনী যন্ত্রপাতি আমদানিতে মাত্র এক শতাংশ শুল্ক দিতে হয়। আমদানিকারক সেই সুযোগে মিথ্যা ঘোষণা দিয়ে বিদেশি সিগারেট ও এলইডি টিভি নিয়ে এসেছে।”
মইনুল খান জানান, দুই চালানে মোট ১২টি কনটেইনার এসেছে। বাকি ছয়টির স্ক্যানিং চলছে। স্ক্যান শেষে সোমবার বাকিগুলোও খোলা হবে।
“এছাড়া ব্যাংকের কাগজপত্র বিশ্লেষণ করে ভুয়া তথ্য দেওয়ার প্রমাণ পেয়েছি আমরা। আমদানিকারকের পক্ষের সিঅ্যান্ডএফ এজেন্ট জালাল উদ্দিনও গা ঢাকা দিয়েছে।”
মইনুল খান বলেন, চোরাচালান ও মানি লন্ডারিংসহ সংশ্লিষ্ট আইনে দায়ীদের বিরুদ্ধে মামলা করা হবে।
