কারামুক্ত হয়ে হেঁটেই বাড়ি ফিরতে চান ‘ভারতীয়’ জালাল
বাংলাদেশে ‘বেড়াতে’ এসে পাসপোর্ট হারিয়ে কারাগারে ঢুকে কেটে গেছে সাড়ে তিন বছর; জামিনে মুক্ত হয়ে এখন টাকা-পয়সাহীন জালাল মোহাম্মদ প্রয়োজনে হেঁটেই নিজের বাড়ি ভারতের শিলিগুঁড়ি ফিরতে চান।
হিন্দি-বাংলা মিলিয়ে কথা বলেনজালাল(৪৫)।নিজের গ্রামের নাম, আর বাবা-মা’র নাম বলতে পারছেন তিনি।
চট্টগ্রামের আইনজীবী টি আর খানের জিম্মায় বিচারকসোমবারজালালকে জামিন দেন।তাকে দেশে ফেরাতে এরইমধ্যে চট্টগ্রামে নিয়োজিত ভারতীয় সহকারী হাই-কমিশনার এবং চট্টগ্রামের জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেছেন এই আইনজীবী।
টি আর খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জালালের বিরুদ্ধে দায়ের করা বিদেশি নাগরিক আইনের করা মামলাটি এখন যুক্তিতর্ক পর্যায়ে আছে।
“ওই মামলায় জালালের বিরুদ্ধে গত সাড়ে তিন বছরে একজনও সাক্ষ্য দেয়নি। তার মানসিক অবস্থা স্বাভাবিক নয়। তার বাবা-মার নাম ও গ্রামের নাম জানতে পেরেছি।”
তিনি বলেন, জালাল মোহাম্মদ ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুঁড়ি জেলার কঁচুবাড়ি এলাকার বাসিন্দা। তার বাবার নাম আলিম উদ্দিন ও মা’র নাম হাসিনা।
টেলিফোনে জালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামে তিনি ‘ক্ষেতিবাড়ি’ (কৃষিকাজ) করতেন। তারা নয় ভাই-বোন।মা-বাবা বেঁচে আছেন। তিনি এখনও বিয়ে করেননি।
কখন এবং কোন সীমান্ত দিয়ে তিনি বাংলাদেশে এসেছিলেন জানতে চাইলে এর কোনো উত্তর দিতে পারেননি জালাল।
আইনজীবী টি আর খান বলেন, “মামলার নথি এবং জালালের সাথে কথা বলে জানতে পেরেছি, তিনি ভারতীয় নাগরিক। ২০১৩ সালের ২৭ অক্টোবর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা পেপার মিল এলাকায় ঘুরছিলেন।
“সেখানেই তিনি নিজের ব্যাগ হারিয়ে ফেলেন। ব্যাগের মধ্যে তার পাসপোর্ট, টাকা, কাগজপত্র ও কাপড়-চোপড় ছিল।”
তিনি বলেন, “অসহায় মানুষটি বিনা বিচারে সাড়ে তিন বছর হাজত বাস করেছে। দীর্ঘ সময় ধরে তিনি জেলেই ছিলেন। তার বিষয়ে জেল থেকে দূতাবাসকেও জানানো হয়নি।
“দীর্ঘদিন কারাগারে থাকায় তিনি হয়তো মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন হয়ে পড়েছেন। জেল থেকে বের হওয়ার পর কোথায় যাবেন জানতে চাইলে তিনি বলেন-বাড়ি যাব।জিজ্ঞেস করলাম কীভাবে যাবেন? টাকা পয়সা কিছু আছে? আশ্চর্যজনকভাবে বললেন, হেঁটে হেঁটে চলে যাব। টাকা পয়সা নেই।”
জালালকে নিয়ে মঙ্গলবার নগরীর খুলশী এলাকায় ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয়ে যান টি আর খান। সহকারী ভারতীয় হাইকমিশনার সোমনাথ হালদারের সাথে জালালকে নিয়ে দেখা করেন তিনি।
সোমনাথবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জালালের সাথে কথা হয়েছে। তার নাগরিকত্ব নিশ্চিত হলেই ব্যবস্থা নেওয়া হবে।”
ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয়ে যাওয়ার আগে নতুন পোশাকে জালালের একটি ছবিসহ ফেইসবুকস্ট্যাটাস দেন টি আর খান।
সোমবার জামিনে কারামুক্ত হওয়ার পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে আইনজীবীদের সাথে জালালের আরেকটি ছবিও ফেইসবুকে দেওয়া হয়।
“আমরা এই অসহায় লোকটির প্রতি অবিচার করেছি। আমার খুব খারাপ লাগছে। লোকটিকে তার পরিবারের কাছে ফেরত না পাঠানো পর্যন্ত আমরা তার পাশেই আছি,” ফেইসবুকে লেখন টি আর খান।
