ট্রেনে কাটা পড়ে হাত-পা হারানো সেই রিকশাচালকের মৃত্যু
চট্টগ্রামে রেল লাইনে কাটা পড়ে হাত-পা হারানোর পাঁচ ঘণ্টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক রিকশাচালক মারা গেছেন।
মৃত সুমন (২৫) চট্টগ্রাম নগরীর ইস্পাহানি জেটি রুট এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ির ঠিকানা জানা যায়নি।
শুক্রবার দুপুর ১২টার দিকে চান্দগাঁওয়ের কালুলঘাটে রেল লাইনে কাটা পড়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকালে সুমনের মৃত্যু হয় বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন-চার্জ পরিদর্শক জহিরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ট্রেনে কাটা পড়ে এক হাত ও এক পা হারানো সুমনকে বেলা ১টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়।
ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে তিনি মারা যান বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এর আগে চান্দগাঁও থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, বেলা সাড়ে ১২টার দিকে চান্দগাঁও থানার কালুরঘাট খেঁজুরতলা এলাকায় দোহাজারীগামী একটি ট্রেনে সুমনের হাত-পা কাটা পড়ে।
“ওই রেললাইনের আশপাশে জনবসতি নেই। সুমন রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের নিচে পড়েন। তিনি কানে কম শুনতেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।”
স্থানীয় শ্রমিকদের কাছ থেকে খবর পেয়ে টহল পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে সুমনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান বলে জানিয়েছিলেন জাহাঙ্গীর।
