মুক্তিযুদ্ধের বইয়ের বিক্রি নিয়ে হতাশা
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তিন সহস্রাধিক বই লেখা হলেও তার বিক্রি নিয়ে হতাশা প্রকাশ করা হয়েছে চট্টগ্রামে এক অনুষ্ঠানে।
মঙ্গলবার চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মু্ক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান এই হতাশা প্রকাশ করেন।
তিনি বলেন, “মুক্তিযুদ্ধের উপর লিখিত তিন সহস্রাধিক বই। অথচ সবচেয়ে কম বিক্রি হয় মুক্তিযুদ্ধের উপর লিখিত বই।
“আমরা স্বাধীনতার সংগ্রাম সফল করেছি, কিন্তু মুক্তির সংগ্রাম শেষ করতে পারিনি। বর্তমান প্রজন্মের কাঁধে সে দায়িত্ব।”
চট্টগ্রাম মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে মুক্তিযুদ্ধের উপর এক হাজার ২০০টির মতো ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছে বলে জানান মাহফুজুর রহমান।
চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত মুক্তিযুদ্ধের স্মৃতিচারণামূলক এই অনুষ্ঠানে আক্ষেপের সুরে তিনি আরও বলেন, “চারপাশে ইংরেজিতে সাইনবোর্ড দেখে খুব দুঃখ হয়, মনে হয় অন্য কোনো দেশে চলে এসেছি।”
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাবুদ্দিন বলেন, “যে নেতারা আজ বড় বড় কথা বলে তাদের অনেকে মুক্তিযুদ্ধে অংশ নেয়নি। বর্তমানে যে ৪৫০ জন এমপি রয়েছেন তার মধ্যে ১২০ ছাড়া বাকিরা মুক্তিযুদ্ধের সাথে সম্পর্ক রাখেনি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইইউ’র উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। সোসাইটির সাধারণ সম্পাদক নওশীন আমিনার সঞ্চালনায় বক্তব্য রাখেন সিআইইউ’র ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুল আবসার নাহিদ, অনুষদের উপদেষ্টা অধ্যাপক ড. এম আইয়ুব ইসলাম ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী রশিদ এ চৌধুরী।
