দেওয়ান বাজারে অগ্নিকাণ্ড গ্যাস থেকে: তদন্ত প্রতিবেদন
চট্টগ্রামের দেওয়ান বাজারে বিস্ফোরণের পর যে অগ্নিকাণ্ডে দাদি-নাতনির মৃত্যু হয়েছে, তা রান্নাঘরে জমা গ্যাসের কারণে হয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিটি।
সোমবার বিকালে আট সদস্যের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন চট্টগ্রামের জেলা প্রশাসক সামসুল আরেফিনের কাছে জমা দেয়।
গত ২৭ জানুয়ারি ভোরে নগরীর বাকলিয়ায় দেওয়ান বাজার এলাকার ছয়তলা ‘মাদ্রাসা আরবিয়া খায়রিয়া এতিমখানা’ ভবনের তৃতীয় তলায় বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন লেগে যায়।
ওই আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন গভীর রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে মারা যান দাদি ছমুদা খাতুন (৭০) এবং এসএসসি পরীক্ষার্থী নাতনি তনিমা আফরিন ইফতি (১৭)।
এ ঘটনায় আহত হয়ে ইফতির ভাই আরিফ (২৬) এখনও চিকিৎসাধীন আছেন।
বিস্ফোরণের পর সিআইডির ক্রাইম সিন টিম এবং গোয়েন্দা পুলিশের বোম্ব নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশ জানিয়েছিল খোলা চুলা থেকে বের হওয়া গ্যাসে দেয়াশলাই জ্বালানোর কারণেই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছিল।
ঘটনা তদন্তে গঠিত জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিনুর রশিদ।
তদন্ত কমিটির সদস্য ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্যাসের চুলা খোলা ছিল। চুলায় গরম পানির পাত্র ছিল। কোনোভাবে পানি পড়ে চুলা নিভে গিয়েছিল। কিন্তু খোলা থাকায় সারারাত ধরে চুলা থেকে গ্যাস বের হয়।”
তদন্ত প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ড পূববর্তী সারারাত গ্যাসের চুলা খোলা থাকায় রান্নাঘরে গ্যাস জমে যায় এবং ভোররাতে কেউ রান্নাঘরে দেয়াশলাই জ্বালালে কক্ষে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়।
বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত বাসা
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, গ্যাস যদি অক্সিজেনের সংস্পর্শে আসে তাহলে বিস্ফোরণ ঘটে। সারা ঘরে প্রচুর গ্যাস জমায় প্রচণ্ড বিস্ফোরণে ঘরের দেয়ালসহ ভেঙ্গে পড়ে।
“নিহত দুইজন কাছাকাছি থাকায় তারা পুরোপুরি দগ্ধ হয়। আর ছেলেটি বাইরের দিকের কক্ষে থাকায় সে ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।”
তদন্ত কমিটিতে পুলিশ, ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন, গণপূর্ত, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রতিনিধি এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সদস্য ছিলেন।
