২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষার ভালো ফলের ‘স্বপ্ন পুড়ল’ আগুনে

এক সপ্তাহ পরেই এসএসসি পরীক্ষা; প্রস্তুতি নিতে ভোরে উঠে পড়তে বসতে চেয়েছিল মেয়েটি। পরীক্ষায় ভালো ফলের সেই স্বপ্ন পুড়ে গেল বিস্ফোরণের আগুনে।

চট্টগ্রাম ব্যুরো

মোস্তফা ইউসুফ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2017, 09:50 PM

Updated : 11 Oct 2022, 01:23 PM

শুক্রবার ভোরে পশ্চিম বাকলিয়া দেওয়ান বাজার এলাকায় ‘মাদ্রাসা আরবিয়া খাইরিয়া এতিমখানা’ ভবন নামে ছয়তলা একটি ভবনের তৃতীয় তলায় বিকট বিস্ফোরণের পর আগুন ধরে যায়।

এতে দাদি ও ভাইয়ের সঙ্গে দগ্ধ হয় কুসুম কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তনিমা আফরিন ইফতি। পরীক্ষার প্রস্তুতির পরিবর্তে ইফতি এখন কাঁতরাচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।  

ইফতির শরীরের শতভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে গিয়ে দেখা যায়, ইফতির শরীর জুড়েই ব্যান্ডেজ। সকাল থেকে যন্ত্রণায় ছটফট করলেও দুপুর থেকে সেই শক্তিটুকুও আর নেই। নিথর দেহে নিষ্পাপ চোখজোড়ায় শুধু বেঁচে থাকার আকুঁতি।

ইফতির বড় ভাই নগরীর ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র শাহরিয়ার কবির চৌধুরী আকিব। যিনি নিজে বেঁচে যান এ দুর্ঘটনা থেকে।

শাহরিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইফতির পরীক্ষার প্রস্তুতি নিতে অনেক রাত পর্যন্ত পড়ত, আবার ভোরে উঠেই পড়তে বসত।

আকিব যখন কথাগুলো বলছিলেন তখন তার চোখ বেয়ে পানি পড়ছে।

“ইফতি যখন ঘুম থেকে উঠেছিল তখনও আমি ঘুমে। হঠাৎ এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দে খাট থেকে মেঝেতে পড়ে যাই। চোখ মেলতেই দেখি চারদিকে আগুন”, কাঁন্নাজড়িত কণ্ঠে বলছিলেন আকিব।

Image
বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত বাসা

বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত বাসা

আকিব জানান, নানির মৃত্যুবার্ষিকীর জন্য তার বাবা-মা লোহাগাড়া উপজেলায় তাদের গ্রামের বাড়ি গিয়েছিল। বাসায় ছিলেন তিনি, ইফতি, বড় ভাই আরিফ ও দাদি। ইফতির পাশাপাশি অন্যরাও দগ্ধ হয়ে হাসপাতালে।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক এস খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে ইফতি ও তার দাদি ছমুদা খাতুনের শরীরের শতভাগ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। 

আরিফের অবস্থা এখন স্থিতিশীল জানিয়ে তিনি বলেন, তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। তাকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সন্তানের এ অবস্থা দেখে বাকরুদ্ধ বাবা আবদুল মোতালেবও। কিডনি রোগে আক্রান্ত হয়ে ওমান থেকে দেশে ফিরেছেন কিছুদিন আগে; সাজানো সংসারে এ দুর্ঘটনায় হতভম্ব তিনি।

সকালে বিস্ফোরণের পর ওই বাসায় তল্লাশি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), গোয়েন্দা পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।

নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মোস্তাইন হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিআইডির ক্রাইম সিন টিম, ডিবির বোম্ব ডিসপোজাল ইউনিট তল্লাশি করে বাসা থেকে কোনো ধরনের বিস্ফোরকের আলামত পায়নি।

ওই ঘরে গ্যাসের চুলার চাবি খোলা ছিল জানিয়ে তিনি বলেন, সে কারণে ঘরে গ্যাস জমে যায়। দগ্ধ মেয়েটি ভোরে চুলা জ্বালানোর জন্য ম্যাচ জ্বালালে বিস্ফোরণের পর অগুন ধরে যায়।