নগরবাসীর সঙ্গে অশোভন আচরণে সাজা: নাছির
গৃহকর পুনর্মূল্যায়নের সময় নগরবাসীর সঙ্গে অশোভন আচরণ বা ভয়ভীতি দেখালে দায়ী কর্মকর্তাকে শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) আ জ ম নাছির উদ্দিন।
বুধবার নগরভবনে নগরীর বাইশ মহল্লা সর্দার কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “আইনের আওতায় প্রকাশিত গেজেটের ভিত্তিতে গৃহকর পুনর্মূল্যায়ন কার্যক্রম চলছে। মেয়রের কর ধার্য করা বা বাড়ানোর কোনো এখতিয়ার নেই।”
নগরবাসীর প্রতি সর্বোচ্চ সম্মান রেখে বাড়ি বাড়ি গিয়ে কর পুনর্মূল্যায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।
“কর পুনর্মূল্যায়নে কোনো ধরনের ভয়ভীতি বা অশোভন আচরণের নমুনা বা আলামত পেলে সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনা হবে। নগরবাসীর প্রতি সর্বোচ্চ সম্মান দেখাতে হবে।”
সিটি মেয়র বলেন, হতদরিদ্র, রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত, শহীদ মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মালিকানাধীন ইমারত ও জমিতে তাদের নিজস্ব বসবাসকৃত অংশের উপর গৃহকর আরোপ করা হবে না।
এছাড়াও প্রকৃত মুক্তিযোদ্ধাদের বসবাসের জন্য নিজস্ব মালিকানাধীন একহাজার বর্গফুট আয়তন পর্যন্ত ফ্ল্যাটের উপর গৃহকর আরোপ করা হবে না বলে মতবিনিময় সভায় জানান তিনি।
মেয়র বলেন, কর মূল্যায়ন সম্পন্ন হওয়ার পর প্রত্যেক স্টেকহোল্ডার আপিল করার সুযোগ পাবেন। আপিল নিষ্পত্তি হওয়ার পরই কর ধার্য করা হবে।
চট্টগ্রামকে সৌন্দর্যবর্ধন ও ডোর টু ডোর বর্জ্য সংগ্রহের আওতায় আনা হচ্ছে জানিয়ে মেয়র চট্টগ্রামকে বিশ্বমানের নগরীতে রূপান্তর করতে সবার সহযোগিতা চান।
গত ১৩ জানুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নতুন নিয়মে গৃহকর পুনর্মূল্যায়ন বাতিল করে পুরনো পদ্ধতিতে গৃহকর আদায়ের জন্য সিসিসিকে একমাসের সময় বেঁধে দেয় ‘চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ’।
একমাসের মধ্যে সিদ্ধান্ত না পাল্টালে হরতালেরও হুমকি দেওয়া হয় ওই সংবাদ সম্মেলন থেকে।
গত বছরের ২১ মার্চ আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সিটি করপোরেশনের ‘পঞ্চবার্ষিকী কর মূল্যায়ন কর্মসূচি’ উদ্বোধন করে মেয়র নাছির ‘হোল্ডিং ট্যাক্স’ আদায়ে ‘জিরো টলারেন্সের’ কথা বলেছিলেন।
ওই অনুষ্ঠানেই করপোরেশনের কর্মকর্তারা ১৯৮৬ সালের অধ্যাদেশ অনুযায়ী বর্গফুটের পরিবর্তে স্থাপনার ভাড়ার ভিত্তিতে ১৭ শতাংশ গৃহকর আদায়ের সিদ্ধান্তের কথা জানান।
গত কয়েকমাস ধরে কর্মকর্তারা সে অনুযায়ী নতুন হারে ট্যাক্স নির্ধারণের কাজ করছেন।
