২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যুবক খুনের ঘটনায় ভগ্নিপতিসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামে এক যুবককে খুনের ঘটনায় ভগ্নিপতিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 03:38 PM

Updated : 19 Aug 2022, 03:37 PM

সোমবার সকালে ও রোববার রাতে নগরীর আগ্রাবাদ ও বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

গ্রেপ্তার মো. জসীম (২৯) সাতকানিয়া উপজেলার মধ্যম কাঞ্চনা গ্রামের বাসিন্দা ও মাসুদ করিম (২৮) নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ হাজী পাড়া এলাকার বাসিন্দা।

গত ২৪ জানুয়ারি বাঁশখালী থানার কালীপুর ইউনিয়নের পালেগ্রাম থেকে গলা ও পায়ে রশি বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

পরে স্বজনরা লাশটি সাতকানিয়া উপজেরার পশ্চিম ঢেমশা গ্রামের আবুল হোসাইনের ছেলে মো. আলী ওরফে বাসেকের (২৫) বলে সনাক্ত করে।

বাঁশখালী থানার এসআই কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ উদ্ধারের পরদিন আলীর পরিবারের সদস্যরা তার লাশ শনাক্ত করে অজ্ঞাতদের আসামি করে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মককর্তা এসআই কামাল বলেন, “তদন্তে হত্যাকাণ্ডে তিনজনের সম্পৃক্ততা পাওয়া যায়, যার মধ্যে গ্রেপ্তার জসীম নিহতের মামাত বোনের স্বামী।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একেএম এমরান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যাকাণ্ডে জড়িত অন্যজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গ্রেপ্তারদের কাছ থেকে পাওয়া তথ‌্যের ভিত্তিতে তিনি বলেন, “নিহত আলীর কাছে জসীম ২০ হাজার ও মাসুদ ৪০ হাজার টাকা পাওনা। টাকা দিতে গরিমসি করায় ক্ষোভ থেকে আলীকে তারা খুন করেছে বলে জানিয়েছেন।”  

পুলিশ কর্মকর্তা এমরান জানান, নিহত আলী নগরীর আখতারুজ্জামান সেন্টারে একটি কসমেটিকস দোকানে কাজ করতেন এবং হাজী পাড়া এলাকায় মাসুদের সঙ্গে থাকতেন।

ভগ্নিপতি হিসেবে জাসীম বিভিন্ন সময়ে আলীর কাছে যাতায়াতের কারণে মাসুদের সাথে সখ‌্যতা গড়ে উঠে।

“২৩ জানুয়ারি রাতে জসিম, মাসুদ ও তাদের এক বন্ধু মিলে নতুন একটি কাজ নেওয়ার কথা বলে আলীকে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামে নিয়ে যান।

“সেখানে গরায় দঁড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে আলীকে হত্যা করে পায়ে রশি বেঁধে খোলা মাঠে ফেলে রেখে যায়।”

পুরনো খবর:

বাঁশখালীতে গলা-পা বাঁধা যুবকের লাশ