বাঁশখালীতে গলা-পা বাঁধা যুবকের লাশ
চট্টগ্রামের বাঁশখালীতে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ, যার পা ও গলা দড়ি দিয়ে বাঁধা ছিল।
বাঁশখালী থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, মঙ্গলবার সকালে কালীপুর ইউনিয়নের পালেগ্রামের একটি মাঠ থেকে আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
“স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। জিন্স প্যান্ট পরা যুবকটির শরীরে আর কোনো কাপড় ছিল না।”
ওসি বলেন, অন্য কোথাও হত্যা করে লাশটি পালেগ্রামের মাঠে এনে ফেলে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।
